Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / খেলাধুলা / বিপিএল থেকে বাদ দেয়া হলো ভারতীয় উপস্থাপিকাকে - Chief TV

বিপিএল থেকে বাদ দেয়া হলো ভারতীয় উপস্থাপিকাকে - Chief TV

2026-01-06  ডেস্ক রিপোর্ট  125 views
বিপিএল থেকে বাদ দেয়া হলো ভারতীয় উপস্থাপিকাকে - Chief TV

ভারত ও বাংলাদেশের ক্রিকেট সম্পর্ক সাম্প্রতিক সময়ে আরও টানাপোড়েনের মুখে পড়েছে। এই উত্তেজনার প্রভাব এবার পড়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর উপস্থাপক প্যানেলেও। টুর্নামেন্টের সঞ্চালক তালিকায় থাকা ভারতীয় উপস্থাপিকা রিধিমা পাঠককে ঘিরে শুরু হয়েছে নতুন আলোচনা।

আইপিএলের স্কোয়াড থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনার পর থেকেই দুই দেশের ক্রিকেটীয় ও কূটনৈতিক সম্পর্কে শীতলতা বাড়ছে। সেই ধারাবাহিকতায় বিপিএলের সঙ্গে যুক্ত ভারতীয় মুখদের নিয়েও জল্পনা তৈরি হয়। ভারতীয় ক্রীড়া সম্প্রচারে পরিচিত মুখ রিধিমা পাঠক এবং পাকিস্তানের জয়নব আব্বাস এবারের বিপিএলে উপস্থাপক হিসেবে ছিলেন আলোচিত নাম।

বিসিসিআই ও বিসিবির মধ্যকার সম্পর্কের অবনতির প্রেক্ষাপটে কয়েকটি গণমাধ্যমে দাবি করা হয়, রিধিমাকে বিপিএলের সঞ্চালক প্যানেল থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে এই বক্তব্যকে গুজব বলে স্পষ্টভাবে নাকচ করেছেন রিধিমা নিজেই।

সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, বিপিএল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তটি সম্পূর্ণ ব্যক্তিগত। তার ভাষায়, তাকে কোনোভাবেই ‘বাদ’ দেওয়া হয়নি। তিনি বলেন, নিজের দেশের প্রতি দায়বদ্ধতাই তার কাছে সবার আগে, এবং যেকোনো নির্দিষ্ট পেশাগত দায়িত্বের চেয়েও ক্রিকেট ও খেলাটির মূল্যবোধকে তিনি বেশি গুরুত্ব দেন। দীর্ঘদিন সততা, সম্মান ও ভালোবাসার সঙ্গে ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকার কথাও উল্লেখ করেন তিনি।

রিধিমা আরও বলেন, তিনি সবসময় স্বচ্ছতা ও খেলার চেতনার পক্ষে থাকবেন। যারা এই সময়ে তাকে সমর্থন জানিয়েছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। বিষয়টি নিয়ে এর বেশি মন্তব্য করতে চান না বলেও জানান।

উল্লেখ্য, গত ৩ জানুয়ারি বিসিসিআইয়ের নির্দেশনার পর আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে বাদ দেয়। এরপর থেকেই দুই দেশের ক্রিকেট অঙ্গনে পাল্টাপাল্টি সিদ্ধান্ত ও কূটনৈতিক টানাপোড়েন শুরু হয়। বাংলাদেশ ইতোমধ্যে আইপিএলের সম্প্রচার না করার ঘোষণা দিয়েছে এবং আসন্ন বিশ্বকাপে ভারতে দল না পাঠানোর সিদ্ধান্তের কথাও জানিয়েছে।

এছাড়া আইসিসিকে অনুরোধ করা হয়েছে, বাংলাদেশের বিশ্বকাপের ম্যাচগুলো যেন ভারতের বাইরে আয়োজন করা হয়। তবে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, আইসিসি বাংলাদেশকে জানিয়ে দিয়েছে—ভারতেই খেলতে হবে, নতুবা ওয়াকওভার নেওয়ার ঝুঁকি থাকবে।


Share: