Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / ঢাকা বিভাগ / সারাদেশ / ঢাকা / চাকরির ফাঁদে ডেকে অস্ত্র লুট, সংঘবদ্ধ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার - Chief TV

চাকরির ফাঁদে ডেকে অস্ত্র লুট, সংঘবদ্ধ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার - Chief TV

2026-06-24  ডেস্ক রিপোর্ট  42 views
চাকরির ফাঁদে ডেকে অস্ত্র লুট, সংঘবদ্ধ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার - Chief TV

নিরাপত্তাকর্মীর চাকরির প্রলোভন দেখিয়ে দেশের বিভিন্ন জেলা থেকে অস্ত্রধারী ব্যক্তিদের ঢাকায় ডেকে এনে লাইসেন্সকৃত অস্ত্র ছিনিয়ে নেওয়া একটি সংঘবদ্ধ চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। দীর্ঘ তদন্ত ও তথ্যপ্রযুক্তির সহায়তায় পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন নাসিম উদ্দিন মোল্লা (৩০), রমজান আলী (৩১), সিরাজুল ইসলাম (৩২) ও ইব্রাহিম শেখ (৩১)। তাদের কাছ থেকে দুটি শটগান, ৩৮ রাউন্ড কার্তুজ, ডাকাতিতে ব্যবহৃত একটি হাইএস মাইক্রোবাস, একটি এয়ারগান, একটি ওয়াকিটকি, চারটি মোবাইল ফোন, অস্ত্রের জাল লাইসেন্স তৈরির সিলমোহর এবং ভুয়া নম্বর প্লেটসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।

বুধবার নারায়ণগঞ্জ জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি।

পুলিশ জানায়, চলতি বছরের ১৭ জানুয়ারি, ১০ এপ্রিল ও ১৯ জুন পৃথক কয়েকটি ঘটনায় ভুক্তভোগীদের নিরাপত্তা ডিউটির চাকরির প্রস্তাব দিয়ে ঢাকার খিলক্ষেত এলাকায় ডেকে আনা হয়। পরে তাদের একটি মাইক্রোবাসে তুলে চোখে-মুখে মরিচের গুঁড়া ছিটিয়ে অচল অবস্থায় রূপগঞ্জের বিভিন্ন স্থানে ফেলে রাখা হতো। এ সময় তাদের নামে বৈধভাবে লাইসেন্স করা অস্ত্র ছিনিয়ে নিত চক্রের সদস্যরা।

এসব ঘটনায় রূপগঞ্জ থানায় তিনটি ডাকাতি মামলা এবং ঢাকার ক্যান্টনমেন্ট থানায় একটি দস্যুতা মামলাসহ মোট চারটি মামলা দায়ের করা হয়। তদন্তের একপর্যায়ে তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে বুধবার ভোর থেকে সকাল পর্যন্ত ঢাকার ভাটারা, বাড্ডা ও বনানী এলাকায় অভিযান পরিচালনা করে চক্রটির সদস্যদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি বলেন, চক্রটি অত্যন্ত কৌশলী ও পরিকল্পিতভাবে অস্ত্রধারী ব্যক্তিদের টার্গেট করত। চাকরির সুযোগের কথা বলে তাদের ঢাকায় এনে অস্ত্র ছিনিয়ে নেওয়া হতো। গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাচ্ছে এবং এ চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


Share: