Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / আন্তর্জাতিক / ডে-কেয়ারে শিশুদের ওপর ভয়াবহ নির্যাতন - Chief TV

ডে-কেয়ারে শিশুদের ওপর ভয়াবহ নির্যাতন - Chief TV

2026-07-02  ডেস্ক রিপোর্ট  33 views
ডে-কেয়ারে শিশুদের ওপর ভয়াবহ নির্যাতন - Chief TV

ভারতের বেঙ্গালুরুতে একটি ডে-কেয়ার সেন্টারে দুই থেকে তিন বছর বয়সী শিশুদের সঙ্গে অমানবিক আচরণের অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, শিশুদের শাস্তি দেওয়ার নামে ওয়াশিং মেশিনের ড্রামের ভেতরে বসিয়ে রাখা, টয়লেটের জেট স্প্রে দিয়ে মুখে পানি ছিটানো এবং বাথরুমে আটকে রাখার মতো নির্যাতন করা হতো।

এ ঘটনায় ডে-কেয়ার সেন্টারের পাঁচ নারী পরিচর্যাকারীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সেন্টারটি আইটি কোম্পানি ক্যাপজেমিনির এইচএএল ক্যাম্পাসের ভেতরে পরিচালিত হতো। ঘটনার পর ক্যাপজেমিনি কর্তৃপক্ষ নিরাপত্তাজনিত কারণে ডে-কেয়ার সেন্টারটি সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে।

একজন কর্মকর্তার বরাতে জানা গেছে, শিশুদের কান্না থামাতে তাদের ওয়াশিং মেশিনের ড্রামের ভেতরে বসিয়ে রাখা হতো এবং টয়লেটের জেট স্প্রে ব্যবহার করে তাদের মুখে পানি ছিটানো হতো। পাশাপাশি বাথরুমে আটকে রাখার মতো ঘটনাও ঘটেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ঘটনার কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি প্রকাশ্যে আসে এবং পরে পুলিশে অভিযোগ দায়ের করা হয়। একইসঙ্গে কর্ণাটক রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনেও পৃথকভাবে অভিযোগ জমা পড়েছে।

ঘটনাটি সামনে আসার পর অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। অনেক অভিভাবকই কর্মব্যস্ততার কারণে সন্তানদের ওই ডে-কেয়ারে রেখে যেতেন। এখন করপোরেট ক্যাম্পাসের ভেতরে শিশু পরিচর্যাকেন্দ্রগুলোর নিরাপত্তা ও তদারকি ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।

ক্যাপজেমিনি এক বিবৃতিতে জানিয়েছে, তারা ঘটনার তদন্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পূর্ণ সহযোগিতা করছে এবং বিষয়টির সত্যতা উদঘাটনে সব ধরনের সহায়তা দেবে।
 


Share: