Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / রাজনীতি / দুই সিটির প্রশাসকের পদত্যাগ দাবি ও আসিফ মাহমুদের ক্ষোভ - Chief TV

দুই সিটির প্রশাসকের পদত্যাগ দাবি ও আসিফ মাহমুদের ক্ষোভ - Chief TV

2026-06-09  ডেস্ক রিপোর্ট  33 views
দুই সিটির প্রশাসকের পদত্যাগ দাবি ও আসিফ মাহমুদের ক্ষোভ - Chief TV
ঢাকার দুই সিটি করপোরেশনের প্রশাসকদের বিরুদ্ধে সরকারি অর্থ ও পদের অপব্যবহার করে নির্বাচনী প্রচার চালানোর গুরুতর অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
 
মঙ্গলবার বিকালে রাজধানীর নাখালপাড়ার হোসেন আলী উচ্চ বিদ্যালয়ে একটি বৃক্ষ বিতরণ কর্মসূচি শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই অভিযোগ করেন। আসিফ মাহমুদ দাবি করেন, দুই প্রশাসক সরকারি চেয়ারে বসে আসন্ন মেয়র নির্বাচনের প্রচার চালাচ্ছেন, যা সম্পূর্ণ অনৈতিক। তাদের যদি স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতেই হয়, তবে অবিলম্বে পদত্যাগ করে মাঠে নামতে হবে।
 
স্থানীয় নির্বাচনকে সামনে রেখে এনসিপির পক্ষ থেকে পাঁচ দফা দাবি পেশ করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, "তারা লাখ লাখ পোস্টার লাগিয়ে নগরকে দূষিত করছেন। আবাসিক এলাকা, এমনকি মেট্রো স্টেশনেও গরুর হাট বসানো হয়েছে। এই অব্যবস্থাপনাই প্রমাণ করে তারা মেয়র হওয়ার যোগ্য নন।"

বক্তব্যে দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের মিছিল হওয়া নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে একে স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতা হিসেবে আখ্যায়িত করেন আসিফ মাহমুদ। তিনি স্পষ্ট করে বলেন, আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধ।
 
একই সাথে, "দলীয় ব্যানার ছেড়ে শর্ত মেনে আওয়ামী লীগের নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন"— প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমানের এমন বক্তব্যের কড়া সমালোচনা করে এনসিপি মুখপাত্র বলেন, "স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়া নিয়ে সরকারের একটি পক্ষ বিরোধিতা করছে, আরেক উপদেষ্টা বলছেন অংশ নিতে পারবে। আমি মনে করি, সরকার নিজেই আওয়ামী লীগকে নিয়ে ধোঁয়াশায় রয়েছে।
 
প্রকৃতপক্ষে আওয়ামী লীগের একটি পক্ষ সরকারের ভেতরেই অবস্থান করছে। কার্যক্রম নিষিদ্ধ একটি দল কোনোভাবেই নির্বাচনে অংশ নিতে পারে না।" তিনি আরও জানান, আসন্ন স্থানীয় নির্বাচনে এনসিপি এককভাবে অংশ নেওয়ার সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে, তবে জোটগতভাবে নির্বাচনে যাওয়ার বিষয়ে তফসিল ঘোষণার পর অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে বসে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

Share: