দেশে ক্যাশলেস লেনদেন আরও গতিশীল ও উৎসাহিত করতে ‘বাংলা কিউআর কোড’ ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে বাংলাদেশ ব্যাংক। এই উদ্যোগের ফলে আগামী ১ জুলাই থেকে সারাদেশে বাধ্যতামূলকভাবে এই কিউআর কোডের ব্যবহার শুরু হতে যাচ্ছে, যার মাধ্যমে সব ধরনের গ্রাহক খুব সহজেই যেকোনো লেনদেন সম্পন্ন করতে পারবেন।
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের সামনে শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে এই ক্যাম্পেইনের উদ্বোধন করা হয় এবং এ উপলক্ষে একটি বিশেষ মেলারও আয়োজন করা হয়। ব্যাংক কর্মকর্তারা জানিয়েছেন, বাংলা কিউআর কোডের মাধ্যমে লেনদেন অনেক বেশি স্বচ্ছ, সহজ এবং নিরাপদ হবে।
এটি একদিকে যেমন সরকারের টাকা ছাপানোর বিশাল খরচ কমিয়ে আনবে, অন্যদিকে দেশের রাজস্ব আয় বাড়াতেও বড় ভূমিকা রাখবে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরসহ শীর্ষ কর্মকর্তারা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন, যেখানে স্বপ্ন ও আগোরার মতো দেশের শীর্ষস্থানীয় বেশ কিছু রিটেইল শপ অংশ নিয়েছে।