Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রাজশাহী বিভাগ / সারাদেশ / জয়পুরহাট / আক্কেলপুর রেলস্টেশনে ট্রেনের নিচে কাটা পড়ে যুবকের মৃত্যু - Chief TV

আক্কেলপুর রেলস্টেশনে ট্রেনের নিচে কাটা পড়ে যুবকের মৃত্যু - Chief TV

2026-06-23  রিফাত হোসেন মেশকাত, আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি  104 views
আক্কেলপুর রেলস্টেশনে ট্রেনের নিচে কাটা পড়ে যুবকের মৃত্যু - Chief TV

জয়পুরহাটের আক্কেলপুর রেলওয়ে স্টেশনে আশরাফুল ইসলাম (২৩) নামে এক যুবক ট্রেনের নিচে কাটা পড়ে মারা গেছেন। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।

নিহত আশরাফুল ইসলাম পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার শাহাপাড়া পূর্ব টেকরাভাষা এলাকার আবুল হোসেনের ছেলে। তিনি পেশায় একজন রড মিস্ত্রি ছিলেন।

মঙ্গলবার (২৩ জুন) সকাল আনুমানিক ১০টা ২০ মিনিটে রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটি-গামী তিতুমীর এক্সপ্রেস (৭৩৩ আপ) আক্কেলপুর রেলস্টেশন থেকে ছেড়ে যাওয়ার সময় স্টেশনের উত্তর প্রান্তে ১ নম্বর রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

আক্কেলপুর রেলওয়ে স্টেশন মাস্টার হাসিবুল হাসান জানান, খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় নিহতের প্যান্টের পকেট থেকে একটি স্মার্টফোন ও একটি মানিব্যাগ উদ্ধার করা হয়। মানিব্যাগে ১ হাজার ৭৫০ টাকা, একটি মোবাইল সিম এবং দুটি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি পাওয়া যায়।

নিহতের সহকর্মী জাকির হোসেন জানান, তিনি রাজশাহীতে আশরাফুলের সঙ্গে রডের কাজ করতেন। আশরাফুল বাড়ি যাওয়ার উদ্দেশ্যে ট্রেনের টিকিট কেটেছিলেন। পরে আক্কেলপুর স্টেশন মাস্টার আশরাফুলের মোবাইল ফোন থেকে তাকে কল করে মৃত্যুর খবর জানান। তিনি বলেন, কী কারণে আশরাফুল এমন সিদ্ধান্ত নিয়েছেন, তা আমি বলতে পারব না।"

স্টেশন মাস্টার হাসিবুল হাসান বলেন, নিহতের সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্রের কপি এবং মোবাইল ফোনের মাধ্যমে স্বজনদের সঙ্গে যোগাযোগ করে তার পরিচয় নিশ্চিত করা হয়েছে। বিষয়টি সান্তাহার রেলওয়ে থানা (জিআরপি) পুলিশকে জানানো হয়েছে।

সান্তাহার রেলওয়ে থানার (জিআরপি) অফিসার ইনচার্জ হাবিবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। নিহতের স্বজনদের অবহিত করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


Share: