বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছিল জুলাই গণ-অভ্যুত্থান—যেখানে ছাত্র-জনতার এক দফা আন্দোলনে পতন ঘটে শেখ হাসিনা সরকারের। তবে এই আন্দোলনের সময় ঘটে নির্বিচার গুলি ও নির্মম হত্যাযজ্ঞ, যাতে প্রাণ হারান বহু তরুণ ও নাগরিক, আহত হন আরও অনেকে।
শহীদ ও আহতদের পরিবারকে সহায়তার উদ্দেশ্যে গড়ে তোলা হয় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন, যেখানে কাজ করছেন অনেক জুলাই যোদ্ধা। কিন্তু পর্যাপ্ত অর্থ না থাকায় এই ফাউন্ডেশনের পক্ষ থেকে এখনও সবাইকে আর্থিক সহায়তা দেওয়া সম্ভব হয়নি।
ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল আকবর জানান, এ পর্যন্ত তারা ১১৯ কোটি টাকা পেয়েছেন, যা দিয়ে সব জুলাই যোদ্ধাকে সহায়তা করা সম্ভব হয়নি। তিনি বলেন, মোট ভিকটিমের সংখ্যা ১৫ হাজার ১৮৮ জন। এর মধ্যে এখনও ৮ হাজার ৪৪৬ জন আর্থিক সহায়তা পাননি। এজন্য প্রয়োজন আরও প্রায় ২৩১ কোটি টাকা।
কামাল আকবর আরও জানান, “জুলাই যোদ্ধাদের শুধু সাময়িক সহায়তা নয়, তাদের স্থায়ী কর্মসংস্থান নিশ্চিত করতেও ফাউন্ডেশন থেকে উদ্যোগ নেওয়া হয়েছে।” তিনি আশা প্রকাশ করেন, সরকারের সঙ্গে চলমান আলোচনার মাধ্যমে শিগগিরই এই আর্থিক সংকট কাটিয়ে উঠা সম্ভব হবে।
সরকারের পাশাপাশি বিত্তবান সমাজের প্রতিও আহ্বান জানিয়েছেন কামাল আকবর—জুলাই যোদ্ধাদের পাশে দাঁড়ানোর জন্য, যারা দেশের পরিবর্তনের জন্য জীবন বাজি রেখে আন্দোলনে অংশ নিয়েছিলেন।
এই মুহূর্তে ফাউন্ডেশনের আর্থিক সংকট কাটানো না গেলে, বহু আহত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা সহায়তা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা রয়েছে।