Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / বিনোদন / ঈদে মুক্তির অপেক্ষায় ইরা তালুকদারের নতুন গান ‘ভালবাসি তোমায়’ - Chief TV

ঈদে মুক্তির অপেক্ষায় ইরা তালুকদারের নতুন গান ‘ভালবাসি তোমায়’ - Chief TV

2026-03-11  বিনোদন ডেস্ক  35 views
ঈদে মুক্তির অপেক্ষায় ইরা তালুকদারের নতুন গান ‘ভালবাসি তোমায়’ - Chief TV

রুপালি পর্দা কিংবা টিভি স্ক্রিন—দুই মাধ্যমেই নিজের স্বতন্ত্র উপস্থিতি দিয়ে দর্শকের নজর কাড়েন অভিনেত্রী ইরা তালুকদার। অভিনয়ে তাঁর আত্মবিশ্বাস, চোখের ভাষা, কণ্ঠের ওঠানামা ও শরীরী অভিব্যক্তির মেলবন্ধনে তৈরি হয় এক আলাদা শিল্পভাষা। সংলাপ উচ্চারণের মধ্যেই সীমাবদ্ধ থাকেন না তিনি; বরং চরিত্রের অনুভূতি, দ্বন্দ্ব ও বাস্তবতাকে জীবন্ত করে তুলতে চেষ্টা করেন পর্দায়।

আসন্ন ঈদে মুক্তি পেতে যাচ্ছে ইরা তালুকদার অভিনীত নতুন সিনেমা ‘ভালোবাসি তোমায়’। ছবিটি ঈদের অষ্টম দিন এটিএন বাংলায় প্রচারিত হবে। সিনেমাটি নিয়ে বেশ আত্মবিশ্বাসী এই অভিনেত্রী। সম্প্রতি এক আলাপচারিতায় ইরা জানান, চলচ্চিত্রে কাজের অভিজ্ঞতাই তাঁর আত্মবিশ্বাসের মূল ভিত্তি তৈরি করেছে, যা এখন তাঁর কাজের মধ্যেই প্রতিফলিত হচ্ছে।

ঈদে মুক্তির অপেক্ষায় ইরা তালুকদারের নতুন গান ভালবাসি তোমায় - 1Chief TV

ইরা তালুকদার জানান, এ পর্যন্ত তাঁর অভিনীত ছয়টি সিনেমা রুপালি পর্দায় মুক্তি পেয়েছে। আর সপ্তম সিনেমা হিসেবে মুক্তির অপেক্ষায় রয়েছে ‘ভালোবাসি তোমায়’। পাশাপাশি টিভি নাটকে তাঁর অর্ধশতাধিক কাজ প্রচারিত হয়েছে। এছাড়া তিনটি টিভিসি ও প্রায় ২৫টি মিউজিক ভিডিওতেও অভিনয় করেছেন তিনি।

ইরার মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে রয়েছে অপূর্ব রানার পরিচালিত ‘পুড়ে যায় মন’, মিজানুর রহমান মিজানের ‘মিলন সেতু’, মো. আসলামের ‘বেগম জান’, বাবুল রেজার ‘টোকাই’, রাজু সিদ্দিকীর ‘ময়নার শেষ কথা’ এবং রফিকুল ইসলাম খানের ‘কন্যা’। এছাড়া আরও তিনটি সিনেমার শুটিং বর্তমানে চলমান রয়েছে।

এর মধ্যে সরকারি অনুদানে নির্মিত সাদেক সিদ্দীকী পরিচালিত ‘দেনা পাওনা’ ছবিটির কাজ প্রায় শেষ পর্যায়ে। অভিনয়ের ক্ষেত্রে ইরা তালুকদারকে অত্যন্ত পরিশ্রমী, সৃজনশীল ও শৃঙ্খলাপরায়ণ একজন শিল্পী হিসেবে মনে করেন সংশ্লিষ্টরা।

প্রতিটি চরিত্রের জন্য তিনি নিজেকে নতুনভাবে প্রস্তুত করেন। চরিত্রের মনস্তত্ত্ব বোঝা থেকে শুরু করে জীবনযাত্রা, ভাষা ও আচরণ রপ্ত করা—সবকিছুতেই তিনি সময় দেন। ক্যামেরার সামনে যেমন সাবলীল, তেমনি ক্যামেরার বাইরে তাঁর বিনয়ী আচরণ ও পেশাদারিত্ব তাঁকে সহকর্মীদের কাছেও আলাদা মর্যাদায় প্রতিষ্ঠিত করেছে।

এবার ঈদে মুক্তির অপেক্ষায় থাকা ‘ভালোবাসি তোমায়’ ছবিটি নির্মিত হয়েছে এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানের মূল ভাবনায়। ছবিটির কাহিনি ও পরিচালনা করেছেন আবুল হোসেন মজুমদার। প্রযোজনা করেছেন মজুমদার ফিল্মসের স্বত্বাধিকারী ফারুক হোসেন মজুমদার।

ঈদে মুক্তির অপেক্ষায় ইরা তালুকদারের নতুন গান ভালবাসি তোমায় - Chief TV

ফেসবুকে গড়ে ওঠা এক অসম প্রেমের গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ছবিটি। এতে ইরা তালুকদার অভিনয় করেছেন জাপানে অধ্যয়নরত এক শিক্ষার্থীর চরিত্রে। তাঁর বিপরীতে অভিনয় করেছেন অন্তর। এছাড়া ছবিতে আরও অভিনয় করেছেন কায়েস আরজু, শিরিন শিলা, নাদের চৌধুরী, বড়দা মিঠু, রেবেকা, শফিক খান দিলু, সাহেলা, জ্যাকি আলমগীর, ফাইয়াজ ববি, অঞ্জলি রায়, ড্যানি সিডাক ও কাজী হায়াৎসহ অনেকে।

নির্মাতারা জানিয়েছেন, রোমান্টিক গল্পের আবহে নির্মিত হলেও ‘ভালোবাসি তোমায়’ শুধু একটি প্রেমের সিনেমা নয়। এতে জীবন, সংগ্রাম এবং মানুষের ভেতরের স্বাধীনতার আকাঙ্ক্ষার প্রতিফলন তুলে ধরা হয়েছে। শক্তিশালী গল্প, বাস্তব লোকেশন এবং শিল্পীদের আন্তরিক অভিনয়ের সমন্বয়ে ছবিটি দর্শকদের ভালো লাগবে বলেই প্রত্যাশা সংশ্লিষ্টদের।

ঈদুল ফিতর উপলক্ষে সিনেমাটি মুক্তির প্রস্তুতি প্রায় চূড়ান্ত। বিভিন্ন প্রেক্ষাগৃহে প্রদর্শনের পাশাপাশি এটিএন বাংলার ঈদ আয়োজনেও ছবিটি প্রচারিত হবে।


Share:

Single Page