গোপালগঞ্জের কাশিয়ানীতে ঢাকা-খুলনা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় শাহিদ মাতুব্বর (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। বুধবার (২৪ জুন) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার পোনা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহিদ মাতুব্বর ফরিদপুরের নগরকান্দা উপজেলার উত্তর কান্দি গ্রামের রুস্তম মাতুব্বরের ছেলে। আহতরা হলেন নগরকান্দা উপজেলার দফা গ্রামের এমদাদুল ফকির (৩২) এবং সালথা উপজেলার ইউসুফদিয়া গ্রামের সেকেন্দার মোল্লা (৩২)।
পুলিশ জানায়, ভোরে পোনা বাসস্ট্যান্ড এলাকায় একটি দ্রুতগতির অজ্ঞাতনামা গাড়ি একটি নসিমনকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শাহিদ মাতুব্বরের মৃত্যু হয় এবং আরও দুজন গুরুতর আহত হন।
খবর পেয়ে ভাটিয়াপাড়া হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে আহতদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, দুর্ঘটনার পর ঘাতক যানটি দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।
এদিকে কাশিয়ানী ১০০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আমিনুল ইসলাম জানান, আহত দুই ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।