Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / চট্টগ্রাম বিভাগ / সারাদেশ / কুমিল্লা / কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় স্কুলের শ্রেণিকক্ষে জুয়ার আসর, বিএনপি নেতাদের ভিডিও ভাইরাল - Chief TV

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় স্কুলের শ্রেণিকক্ষে জুয়ার আসর, বিএনপি নেতাদের ভিডিও ভাইরাল - Chief TV

2026-06-03  ডেস্ক রিপোর্ট  34 views
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় স্কুলের শ্রেণিকক্ষে জুয়ার আসর, বিএনপি নেতাদের ভিডিও ভাইরাল

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে স্থানীয় বিএনপি নেতাদের জুয়ার আসর বসানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দা ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

জানা গেছে, উপজেলার দুলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে এই জুয়ার আসরটি বসানো হয়। গত মঙ্গলবার (২ জুন) জুয়া খেলার একটি ভিডিও ফুটেজ সামাজিক মাধ্যমে ভাইরাল হলে বিষয়টি সবার নজরে আসে।

ভিডিওতে দেখা যায়, দুলালপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাসুদ আলমের নেতৃত্বে এই আসরটি বসেছিল। এতে আরও অংশ নেন বিএনপি নেতা এরশাদ জামান, রুবেল মিয়া এবং যুবদল নেতা মাহবুব মেম্বার। তবে স্কুল বন্ধ থাকার সুযোগে ঠিক কোন দিন এই আসরটি বসানো হয়েছিল, তা সুনির্দিষ্টভাবে জানা যায়নি।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই বিদ্যালয়টির শ্রেণিকক্ষে এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তির ছত্রছায়ায় জুয়া ও মাদকের আড্ডা বসে আসছিল। স্কুল কর্তৃপক্ষ বিষয়টি জানলেও প্রভাবশালীদের ভয়ে এতদিন কেউ মুখ খোলার সাহস পাননি। ভিডিওটি ফাঁস হওয়ার পরই বিষয়টি প্রকাশ্যে আসে। ঘটনার পর থেকে অভিযুক্ত নেতাদের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও কাউকে পাওয়া যায়নি।

এই বিষয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমির হোসেন বলেন, "ভিডিওটি আমাদের নজরে এসেছে এবং আমরা সত্যতা যাচাইয়ের চেষ্টা করছি। আমরা একটি আদর্শিক রাজনৈতিক দল করি। নেতাকর্মীদের এমন নেতিবাচক কর্মকাণ্ড দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করে। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।"

আইনি পদক্ষেপের বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জানান, ভিডিওটি দেখার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অন্যদিকে ব্রাহ্মণপাড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান বলেন, "বিদ্যালয়ের পবিত্রতা নষ্ট করে শ্রেণিকক্ষে জুয়ার আসর বসানোর বিষয়টি অত্যন্ত দুঃখজনক। জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। এর পাশাপাশি দায়িত্বে অবহেলার কারণে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও নিরাপত্তা প্রহরীকেও জবাবদিহিতার আওতায় আনা হবে।"
 
 

 

Share: