জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার লাঙ্গলহাটি এলাকায় সড়ক দুর্ঘটনায় রাশেদুল ইসলাম জনি (৪২) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার বালিঘাটা ইউনিয়নের নওদা ফেনতারা গ্রামের বাসিন্দা।
মঙ্গলবার সকাল ৯টার দিকে পাঁচবিবি-হিলি সড়কের লাঙ্গলহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্য, মোটরসাইকেলে যাওয়ার সময় সামনে থাকা একটি ট্রাক দেখে হঠাৎ ব্রেক করেন রাশেদুল।
তবে রাস্তা পিচ্ছিল থাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের নিচে পড়ে যান তিনি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ঘাতক ট্রাকটি জব্দ করে থানায় নেয়।
এ বিষয়ে পাঁচবিবি থানার ওসি হাফিজ মোঃ রায়হান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযোগ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।