কুড়িগ্রামের রৌমারী উপজেলার বটতলা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং স্থানীয় সুসংগঠিত গ্রামবাসীর তীব্র প্রতিরোধে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) আরেকটি পুশইন চেষ্টা আবারও ব্যর্থ হয়েছে।
স্থানীয় দায়িত্বশীল সূত্র থেকে জানা যায়, রোববার ভোর ৬টার দিকে সীমান্তের ১০৬০ নম্বর মেইন পিলারের নিকটবর্তী এলাকা দিয়ে দুই শিশু, এক নারী ও তিন যুবকসহ মোট ছয়জনকে জোরপূর্বক বাংলাদেশে পুশইনের চেষ্টা চালায় বিএসএফ।
সীমান্তে জড়ো করা এই ব্যক্তিরা বাংলাদেশের ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার বিরুনিয়া ইউনিয়নের কাংশী গ্রামের বাসিন্দা বলে বিএসএফের পক্ষ থেকে দাবি করা হচ্ছে।
ভোরবেলা বিএসএফের এই পুশইনের চেষ্টার খবর সীমান্তে ছড়িয়ে পড়লে তাৎক্ষণিকভাবে সতর্ক অবস্থান নেয় বিজিবি।
ভোরবেলা বিএসএফের এই পুশইনের চেষ্টার খবর সীমান্তে ছড়িয়ে পড়লে তাৎক্ষণিকভাবে সতর্ক অবস্থান নেয় বিজিবি।
একই সাথে লাঠিসোঁটা ও দেশীয় উপকরণ নিয়ে শত শত স্থানীয় গ্রামবাসী সীমান্তে এসে অবস্থান নিলে এক উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। বিজিবি ও সাধারণ মানুষের এই অভূতপূর্ব প্রতিরোধের মুখে বিএসএফ তাদের পুশইন পরিকল্পনা থেকে পিছু হটতে বাধ্য হয়।
জামালপুর ৩৫-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত সুরক্ষায় বিজিবি অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। অনুপ্রবেশের এই ঘটনার পর থেকে পুরো সীমান্তজুড়ে নিরাপত্তাব্যবস্থা ও টহল নজরদারি আরও জোরদার করা হয়েছে।
যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা অপতৎপরতা রুখে দিতে বিজিবি সদস্যরা সদা তৎপর রয়েছে বলে তিনি উল্লেখ করেন।