Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / সৈয়দপুরে র‌্যাবের হাতে ৩ ভাই সহ ৪ অনলাইন জুয়ারী আটক - Chief TV

সৈয়দপুরে র‌্যাবের হাতে ৩ ভাই সহ ৪ অনলাইন জুয়ারী আটক - Chief TV

2026-05-26  মো: জাকির হোসেন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি  36 views

সৈয়দপুরে র‌্যাবের হাতে ৩ ভাই সহ ৪ অনলাইন জুয়ারী আটক

নীলফামারীর সৈয়দপুরে অনলাইন ভিত্তিক ক্যাসিনো জুয়ার সাথে জড়িত ৩ সহোদরসহ ৪ যুবককে আটক করা হয়েছে। র‌্যাব-১৩ নীলফামারী সিপিসি-২ এর একটা আভিযানিক দল সোমবার (২৫ মে) উপজেলার খাতামধুপুর ইউনিয়ন থেকে তাদের আটক করেছে।

জুয়া খেলার সরঞ্জামাদি ও নগদ টাকাসহ আটককৃতরা হলো ওই ইউনিয়নের তেলিপাড়ার মো. আইজ উদ্দিন বিশ্বাসের  ৩ ছেলে মো. হাসানুর রহমান (৩৫),  মো. সোহেল রানা (৩০) ও মো. সাইফুল ইসলাম (২৬) এবং একই এলাকার বাবুল চন্দ্র রায়ের ছেলে রিপন চন্দ্র রায় (২০)।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব নীলফামারী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. আশরাফুল কবীর জানান, আটক জুয়াড়িরা বিভিন্ন অনলাইন জুয়ার প্ল্যাটফর্ম ব্যবহার করে অবৈধ জুয়ার কার্যক্রম পরিচালনা করে আসছিল। তারা নগদ, বিকাশ ও উপায়সহ বিভিন্ন মোবাইল আর্থিক সেবা (এমএফএস) ব্যবহার করে গ্রাহকদের সঙ্গে লেনদেন করত।

তিনি আরও জানান, থাইল্যান্ডভিত্তিক অনলাইন ক্যাসিনো চক্রের সঙ্গে তাদের সম্পৃক্ততা ও লেনদেনের সত্যতা পাওয়া গেছে। আটকের সময় তাদের কাছ থেকে জুয়ার কার্যক্রম পরিচালনায় ব্যবহৃত ১০টি মোবাইল ফোন, একটি কম্পিউটার ও নগদ এক লাখ একচল্লিশ হাজার টাকা উদ্ধার করা হয়।

র‌্যাব ক্যাম্প সূত্র আরও জানায়, অভিযান চালিয়ে তাদের আটকের পর জিজ্ঞাসাবাদ শেষে সোমবার বিকেলে সৈয়দপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় র‌্যাবের পক্ষ থেকে সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা মুঠোফোনে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, র‌্যাব কর্তৃক আটক আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। দ্রুতই তাদের  নীলফামারী আদালতে পাঠানো হবে। 
 


Share: