জামালপুরের বকশীগঞ্জে সেচ্ছাসেবক দল নেতার উপর হামলাকারী আওয়ামী লীগ নেতা মাহমুদুল আলম বাবুর বিরুদ্ধে থানা পুলিশ মামলা নেয়নি বলে অভিযোগ করেছে বিএনপির নেতারা।
শনিবার ১৮ই এপ্রিল দুপুরে হাইস্কুল মোড় এলাকায়, ইউনিয়ন বিএনপির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ভুক্তভোগীরা।
ভুক্তভোগী বিএনপি নেতারা সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, গত ১০ এপ্রিল রাতে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের কামালেরবাত্তি এলাকায় উপজেলা সেচ্ছাসেবক দলের নেতাদের উপর হামলা করে আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু এবং তার লোকজন। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়ার ৮ দিন অতিবাহিত হলেও মামলা নেয়নি পুলিশ।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বকশীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক খোরশেদ আলম,
সাধুরপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনার আলী ও নিলক্ষীয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আল আমিন সহ আরো অনেকেই।
সংবাদ সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দরা, সাবেক ইউপি চেয়ারম্যান বাবুকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবি জানিয়েছেন।
বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেন জানান,বিষয়টি সমাধানে বিএনপির স্থানীয় নেতাদের দ্বায়িত্ব দেওয়া হয়েছে।
অভিযুক্ত মাহমুদুল আলম বাবু সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের বরখাস্তকৃত সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। তিনি সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি।