স্কোয়াস গেম প্রতিযোগিতায় অংশ নিয়ে পদক অর্জন করেছে ঠাকুরগাঁওয়ের কিশোর খেলোয়াড় মাহমুদ করিম। তার এই সাফল্যে স্থানীয় ক্রীড়াঙ্গনে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।
জানা গেছে, স্থানীয় একটি ক্রীড়া সংগঠনের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় বিভিন্ন এলাকা থেকে খেলোয়াড়রা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় চমৎকার নৈপুণ্য প্রদর্শন করে মাহমুদ করিম বিজয়ী হয়ে পদক অর্জন করে। খেলা শেষে উপস্থিত দর্শক ও অতিথিরা তাকে অভিনন্দন জানান।
মাহমুদ করিম বর্তমানে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। তার এই সাফল্যে বিএনপি নেতা ও বীর মুক্তিযোদ্ধার সন্তান কমান্ডের ঠাকুরগাঁও জেলা আহ্বায়ক তাকে উৎসাহ ও শুভেচ্ছা জানান এবং ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান করেন।
এ সময় বিএনপি নেতা মীর জাহিদ বলেন, “মাহমুদ করিমের এই সাফল্য শুধু তার ব্যক্তিগত অর্জন নয়, এটি ঠাকুরগাঁওয়ের ক্রীড়াঙ্গনের জন্য গর্বের বিষয়। এত অল্প বয়সে সে যে মনোযোগ, পরিশ্রম ও দক্ষতার পরিচয় দিয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। আমরা চাই, সে নিয়মিত অনুশীলন চালিয়ে যাক এবং ভবিষ্যতে জাতীয় পর্যায়েও জেলার প্রতিনিধিত্ব করুক।”
তিনি আরও বলেন, “আমাদের উচিত এমন মেধাবী ও সম্ভাবনাময় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো। খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি শৃঙ্খলা, আত্মবিশ্বাস ও নেতৃত্বের শিক্ষা দেয়। মাহমুদের মতো তরুণদের উৎসাহ দিলে তারা আরও বড় সাফল্য অর্জন করতে পারবে।”
এ সময় আরও উপস্থিত ছিলেন আকচা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. সমসের আলী, শাপলা স্কুলের প্রধান শিক্ষক, কোচসহ স্থানীয় ক্রীড়াঙ্গনের ব্যক্তিবর্গ।