Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / খেলাধুলা / ১০ জনের সুইজারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের সেমিতে আর্জেন্টিনা - Chief TV

১০ জনের সুইজারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের সেমিতে আর্জেন্টিনা - Chief TV

2026-07-12  ডেস্ক রিপোর্ট  39 views
১০ জনের সুইজারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের সেমিতে আর্জেন্টিনা - Chief TV

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। নির্ধারিত সময়ে ১-১ সমতায় থাকা ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ায়, যেখানে দুই গোল করে জয় নিশ্চিত করে আলবিসেলেস্তেরা।

রোববার (১২ জুলাই) কানসাস সিটিতে অনুষ্ঠিত ম্যাচের নবম মিনিটেই এগিয়ে যায় আর্জেন্টিনা। লিওনেল মেসির নেওয়া কর্নার থেকে সৃষ্ট সুযোগ কাজে লাগিয়ে প্রথম গোলের দেখা পায় দলটি। গোল হজমের পরও সুইজারল্যান্ড একাধিক আক্রমণ চালালেও ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় আর্জেন্টিনা।

দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে সুইসরা। ৬৭তম মিনিটে দারুণ এক আক্রমণ থেকে দান এনদোয়ে গোল করে ম্যাচে সমতা ফেরান।

তবে পাঁচ মিনিটের মধ্যেই বড় ধাক্কা খায় সুইজারল্যান্ড। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) পর্যালোচনার পর ফাউলের অভিনয়ের দায়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখে লাল কার্ড পান ফরোয়ার্ড ব্রিল এম্বোলো। ফলে শেষ সময়ের লড়াইয়ে ১০ জনের দলে পরিণত হয় সুইজারল্যান্ড।

সংখ্যাগত সুবিধা কাজে লাগাতে শেষ পর্যন্ত আক্রমণের চাপ বাড়ায় আর্জেন্টিনা। নির্ধারিত সময়ে একাধিক সুযোগ তৈরি হলেও গোলের দেখা না পাওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

অতিরিক্ত সময়ের ১১২তম মিনিটে দুর্দান্ত বাঁকানো শটে জয়সূচক গোল করেন হুলিয়ান আলভারেজ। এরপর ম্যাচের শেষদিকে লাউতারো মার্টিনেজ আরও একটি গোল করে আর্জেন্টিনার জয় নিশ্চিত করেন।

৩-১ গোলের জয় নিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। দুর্দান্ত এই জয়ে শিরোপা ধরে রাখার পথে আরও একধাপ এগিয়ে গেল লিওনেল মেসির দল।


Share: