নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালের ঐতিহ্যবাহী বলাকা মাঠ সংরক্ষণ এবং সাধারণ মানুষের খেলাধুলা ও বিনোদনের জন্য উন্মুক্ত রাখার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। মাঠটি রক্ষায় দ্রুত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী ও ক্রীড়াপ্রেমীরা।
রোববার (১২ জুলাই ২০২৬) বিকেলে আয়োজিত এ মানববন্ধনে স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, অভিভাবক, ক্রীড়াপ্রেমীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে মাঠ সংরক্ষণের দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, একটি মাঠ হারানো মানে একটি প্রজন্মের স্বপ্ন হারানো। বলাকা মাঠ শুধু একটি খেলার স্থান নয়, এটি এলাকার ঐতিহ্য ও সামাজিক বন্ধনের অংশ। তাই মাঠটি রক্ষা করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য উন্মুক্ত রাখার দাবি জানান তারা।
ক্রীড়াবিদ সুমন ভূইয়া ও আটিয়া একতা সংঘের তৌকির আহমেদ সজিবের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পলাশ উপজেলা শাখার সেক্রেটারি মো. ইকরাম হোসেন, করতেতৈল নবজাগরণ ক্লাবের মাইনুল ইসলাম, ভাগদী ফুটবল দলের অধিনায়ক মো. তুষার, ঘোড়াশাল ফুটবল ক্লাবের মো. সজিব, টেকপাড়া ক্রীড়া সংঘের প্রতিষ্ঠাতা ইয়াকুব আলীসহ বিভিন্ন ক্রীড়া সংগঠনের প্রতিনিধিরা।
বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বলাকা মাঠের ঐতিহ্য ও জনস্বার্থ বিবেচনা করে এটি সংরক্ষণ এবং স্থায়ীভাবে খেলাধুলা ও বিনোদনের জন্য উন্মুক্ত রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।