জয়পুরহাটের কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের শেখপুর গ্রামের দীর্ঘদিনের ভোগান্তির একটি কাঁচা রাস্তা অবশেষে ইটের সলিংয়ের মাধ্যমে নির্মাণকাজ শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরেছিল। কিন্তু কাজের শুরুতেই নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে।
স্থানীয়দের ভাষ্য, প্রায় ২২০ ফুট দৈর্ঘ্যের এই রাস্তার কাজে নিম্নমানের ইট ব্যবহার করা হচ্ছে। অভিযোগ রয়েছে, ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য জাহাঙ্গীর আলমের তত্ত্বাবধানে পরিচালিত এ কাজে কিছু ইট এতটাই দুর্বল যে হাতে চাপ দিলেই গুঁড়া হয়ে যাচ্ছে। পাশাপাশি রাস্তার ভিত্তি ঠিকভাবে প্রস্তুত না করেই অল্প বালুর ওপর ইট বসানো হচ্ছে বলেও দাবি করেন কয়েকজন বাসিন্দা।
স্থানীয়দের আশঙ্কা, এভাবে কাজ শেষ হলে অল্প সময়ের মধ্যেই রাস্তা নষ্ট হয়ে যেতে পারে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইউপি সদস্য জাহাঙ্গীর আলম বলেন, বর্তমানে ভালো মানের ইটের সংকট রয়েছে এবং বাজারদর বেশি হওয়ায় কাজ বাস্তবায়নে নানা জটিলতা দেখা দিচ্ছে। পরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।
উদয়পুর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, উন্নয়নকাজে অনিয়মের কোনো সুযোগ নেই। নিম্নমানের উপকরণ ব্যবহারের প্রমাণ মিললে তা সরিয়ে মানসম্মতভাবে কাজ সম্পন্ন করা হবে।
এ ঘটনায় স্থানীয়রা দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।