Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / জাতীয় / ২০২৫ সালে সড়কে ৯১১১ প্রাণ ঝরেছে - Chief TV

২০২৫ সালে সড়কে ৯১১১ প্রাণ ঝরেছে - Chief TV

2026-01-04  ডেস্ক রিপোর্ট  75 views
২০২৫ সালে সড়কে ৯১১১ প্রাণ ঝরেছে - Chief TV

২০২৫ সালে দেশে সড়ক দুর্ঘটনার ভয়াবহ চিত্র উঠে এসেছে। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির তথ্যমতে, গত বছরে সারাদেশে ৬ হাজার ৭২৯টি সড়ক দুর্ঘটনায় ৯ হাজার ১১১ জনের প্রাণহানি হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ১৪ হাজার ৮১২ জন।

রোববার (৪ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী। তিনি জানান, গণমাধ্যমে প্রকাশিত খবর পর্যবেক্ষণ ও বিশ্লেষণের ভিত্তিতে প্রতিবছরের মতো এবারও এই প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে।

সংগঠনটির তথ্য অনুযায়ী, শুধু সড়কপথেই নয়—২০২৫ সালে রেলপথে ৫১৩টি দুর্ঘটনায় ৪৮৫ জন নিহত এবং ১৪৫ জন আহত হয়েছেন। পাশাপাশি নৌপথে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৫৮ জন। সড়ক, রেল ও নৌ—এই তিন পথ মিলিয়ে মোট ৭ হাজার ৩৬৯টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ৯ হাজার ৭৫৪ জন এবং আহত হয়েছেন ১৫ হাজার ৯৬ জন।

প্রতিবেদনে আরও দেখা যায়, মোটরসাইকেল দুর্ঘটনাই সবচেয়ে বেশি প্রাণহানির কারণ হয়েছে। ২০২৫ সালে ২ হাজার ৪৯৩টি মোটরসাইকেল দুর্ঘটনায় ২ হাজার ৯৮৩ জন নিহত এবং ২ হাজার ২১৯ জন আহত হন। যা মোট দুর্ঘটনার ৩৭ শতাংশেরও বেশি এবং মোট প্রাণহানির প্রায় ৩৯ শতাংশ।

মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, এসব দুর্ঘটনার ফলে বছরে দেশের আর্থিক ক্ষতি ৬০ হাজার কোটি টাকারও বেশি। এই বিপুল প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমাতে জাতীয় নির্বাচনে অংশগ্রহণকারী সব রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে সড়ক নিরাপত্তা ও আধুনিক গণপরিবহন ব্যবস্থার সুস্পষ্ট অঙ্গীকার থাকা জরুরি।

পরিসংখ্যানে দেখা যায়, ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে সড়ক দুর্ঘটনা বেড়েছে ৬.৯৪ শতাংশ। একই সঙ্গে নিহতের সংখ্যা বেড়েছে ৫.৭৯ শতাংশ এবং আহতের সংখ্যা বেড়েছে ১৪.৮৭ শতাংশ।

দুর্ঘটনায় আক্রান্তদের পরিচয় বিশ্লেষণে উঠে এসেছে, নিহত ও আহতদের মধ্যে রয়েছেন ১৯০ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, ১ হাজার ৬৯১ জন চালক, ১ হাজার ২১৬ জন পথচারী, ৫৫১ জন পরিবহন শ্রমিক, ৮৩২ জন শিক্ষার্থী, ১ হাজার ৫৬ জন নারী, ৬২২ জন শিশু, ৬৯ জন সাংবাদিকসহ বিভিন্ন পেশার মানুষ।

দুর্ঘটনার স্থান বিশ্লেষণে দেখা যায়, মোট দুর্ঘটনার ৩৮ শতাংশের বেশি ঘটেছে জাতীয় মহাসড়কে। এছাড়া আঞ্চলিক মহাসড়কে ২৭ শতাংশের বেশি এবং ফিডার রোডে প্রায় ২৯ শতাংশ দুর্ঘটনা সংঘটিত হয়েছে। ঢাকা মহানগরীতে মোট দুর্ঘটনার প্রায় ৪ শতাংশ এবং চট্টগ্রাম মহানগরীতে ১ শতাংশেরও কম দুর্ঘটনা ঘটেছে।

সংগঠনটির মতে, ছোট যানবাহনের সংখ্যা বৃদ্ধি এবং নিয়ন্ত্রণহীন চলাচলের কারণে জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে দুর্ঘটনা বেড়েছে। তবে ফিডার রোড, ঢাকা ও চট্টগ্রাম মহানগরী এবং রেলক্রসিং এলাকায় দুর্ঘটনার হার কিছুটা কমেছে।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ, ভাড়া নির্ধারণ ও দুর্ঘটনায় ক্ষতিপূরণ তহবিল গঠনের ক্ষেত্রে পরিবহন শ্রমিকদের পাশাপাশি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করার দাবি জানায়। একই সঙ্গে আসন্ন জাতীয় নির্বাচনের ইশতেহারে গণপরিবহন নিরাপত্তা বিষয়টিকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়।


Share:

Single Page