অভিনেতা ও প্রযোজক অনন্ত জলিল বর্তমানে তার গার্মেন্টস ব্যবসায় বড় ধরনের সমস্যার মুখোমুখি হয়েছেন। একসময় সাভারে প্রায় ১২ হাজার কর্মীর বিশাল ফ্যাক্টরি পরিচালনা করলেও বর্তমানে সেখানে কর্মীসংখ্যা কমে প্রায় ৪ হাজারে নেমেছে। ব্যবসায়িক এই চ্যালেঞ্জ মোকাবিলায় আপাতত পুরো মনোযোগ দিচ্ছেন অনন্ত জলিল।
এই পরিস্থিতিতে তিনি সিনেমা থেকে আপাতত বিরতি নেন। অনন্ত জানান, বর্তমান ব্যবসায়িক পরিস্থিতি এতটাই কঠিন যে অভিনয়ের জন্য সময় বা মনোযোগ নেই। এমনকি ইতোমধ্যে পেন্ডিং থাকা সিনেমার কাজও সম্পন্ন করতে পারছেন না।
‘মোস্ট ওয়েলকাম’ ও ‘দিন দ্য ডে’খ্যাত এই নায়ক ও প্রযোজক বলেন, “আমি কখনো সিনেমার জন্য পাগল ছিলাম না। আমি ব্যবসা-মুখী মানুষ। শুটিংয়ের ফাঁকে ব্যবসার খোঁজ নিতাম। ব্যবসা স্বাভাবিক অবস্থায় না ফেরা পর্যন্ত সিনেমায় ফেরা ঠিক হবে না।”
তিনি আরও যোগ করেন, “যখন কোনো কাজে সংকট আসে, তখন সেই কঠিন সময় কাটিয়ে ওঠার দিকে মনোযোগ দেওয়াই আমার স্বভাব। এখন ব্যবসা ভালো যাচ্ছে না; এই সময় সিনেমা নিয়ে পড়ে থাকলে ভবিষ্যতে আরও বড় সমস্যা হবে।”
২০০৮ সালে প্রযোজনা ও অভিনয়ের মাধ্যমে সিনেমায় যাত্রা শুরু করেন অনন্ত জলিল। শুরু থেকেই প্রতিটি সিনেমায় তার স্ত্রী বর্ষা তার সঙ্গে ছিলেন। তিনি বলেন, “যখন আবার সিনেমা করব, আমরা দুজন একসঙ্গে করব। না হলে কেউ একা কাজ করবে না। সিনেমা আমাদের পেশা নয়, আমরা শখের কারণে করি।”
বর্তমানে অনন্ত জলিলের দুটি সিনেমা ‘নেত্রী দ্য লিডার’ ও ‘অপারেশন জ্যাকপট’ শুটিং পর্যায়ে রয়েছে। এছাড়াও জাজের ব্যানারে ‘চিতা’ সিনেমার মহরত হয়েছে, তবে শুটিং শুরু হয়নি। অনন্ত জানান, “ভালো সময় এলে কাজ করব, না হলে আপাতত নয়।”