Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রাজশাহী বিভাগ / সারাদেশ / জয়পুরহাট / পাঁচবিবিতে প্রান্তিকদের মাঝে গবাদিপশু বিতরণ-chief tv

পাঁচবিবিতে প্রান্তিকদের মাঝে গবাদিপশু বিতরণ-chief tv

2026-07-17  আরিফুল ইসলাম, জয়পুরহাট প্রতিনিধি  27 views
পাঁচবিবিতে প্রান্তিকদের মাঝে গবাদিপশু বিতরণ-chief tv

শুক্রবার (১৭ জুলাই) বিকেল ৪টায় পাঁচবিবি পৌর এলাকার লতিহাটি পাঁচবিবি মহিলা কলেজ প্রাঙ্গণে সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক সাহ মোহাম্মদ মাহমুদের সভাপতিত্বে এ কর্মসূচির আয়োজন করা হয়।   
  
‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান সাঈদ, জেলা প্রশাসক আল মামুন মিয়া, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান।   
  
‎সভাপতির বক্তব্যে সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক সাহ মোহাম্মদ মাহমুদ বলেন, সমাজসেবা অধিদপ্তর ইউনিয়ন পর্যায়ে দরিদ্র ও অসহায় মানুষের জন্য বিনাসুদে ঋণ, বিধবা, প্রতিবন্ধী ও বয়স্ক ভাতাসহ ১২ ধরনের সেবা প্রদান করছে। খুব শিগগিরই ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু হবে। এ কার্যক্রমে তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন। তিনি উপকারভোগীদের উদ্দেশ্যে বলেন, বিতরণকৃত গরু যেন বিক্রি না করে তা লালন-পালনের মাধ্যমে আত্মনির্ভরশীল হওয়ার চেষ্টা করতে হবে।   
  
‎জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন বলেন, সরকারের গবাদিপশু বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। এ কর্মসূচির মাধ্যমে দুধ ও মাংস উৎপাদনে জয়পুরহাটকে দেশের শীর্ষ অবস্থানে নিয়ে যাওয়ার সুযোগ সৃষ্টি হবে।   
  
‎জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান বলেন, উপকারভোগীরা গাভীকে একটি মূল্যবান সম্পদ হিসেবে লালন-পালন করলে ভবিষ্যতে আর্থিকভাবে লাভবান হবেন।   
  
‎জেলা প্রশাসক আল মামুন মিয়া বলেন, একটি গরু থেকেই বড় খামার গড়ে তোলার অনেক সফল উদাহরণ রয়েছে। উপকারভোগীরাও একইভাবে সফল উদ্যোক্তা হতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন।   
  
‎সংসদ সদস্য ফজলুর রহমান সাঈদ বলেন, গরু বিক্রি না করে সঠিকভাবে পালন করলে তা পরিবারের অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।   
  
‎প্রধান অতিথির বক্তব্যে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেন, খুব শিগগিরই ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ কার্যক্রম শুরু হবে। এসব কর্মসূচির মাধ্যমে সরকার অনুদান নয়, বরং মানুষের আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরিতে সহায়তা করবে। তিনি বলেন, নারীরা এ সহায়তার মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তা থেকে বড় উদ্যোক্তায় পরিণত হতে পারবেন। এ সময় তিনি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ডা. জাহিদ হাসানকে ধন্যবাদ জানিয়ে বলেন, বর্তমান সরকার জনগণের কল্যাণে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে।   
  
‎অনুষ্ঠান শেষে অতিথিরা প্রতীকীভাবে ১০ জন উপকারভোগীর হাতে গবাদিপশু তুলে দেন এবং পাঁচবিবি মহিলা কলেজ প্রাঙ্গণে একটি আমগাছের চারা রোপণ করেন।  


Share: