ফিফা ফুটবল বিশ্বকাপের মূল ট্রফি আজ বুধবার সকালে বাংলাদেশে এসে পৌঁছেছে। সকাল প্রায় ১০টার দিকে সোনালি এই ট্রফিটি দেশে আসে। এটি বাংলাদেশে ফিফা বিশ্বকাপ ট্রফির চতুর্থবারের মতো সফর।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে ট্রফিটিকে স্বাগত জানানো হয়। এ সময় ফিফার প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী সাবেক মিডফিল্ডার গিলবার্তো সিলভা।
বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে ট্রফিটি ঢাকার পাঁচতারকা হোটেল র্যাডিসন ব্লুতে স্থানান্তর করা হয়। আজ দুপুর ২টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা পর্যন্ত সেখানে ট্রফিটি প্রদর্শনের ব্যবস্থা রাখা হয়েছে।
কোকা-কোলার স্পন্সরশিপে আয়োজিত এই প্রদর্শনী অনুষ্ঠানে কোকা-কোলার বিশ্বকাপ ক্যাম্পেইনে নির্বাচিত অংশগ্রহণকারীরাই সরাসরি ট্রফিটি দেখার ও ছবি তোলার সুযোগ পাবেন। এ জন্য অংশগ্রহণকারীদের বৈধ টিকিটের প্রিন্ট কপি বা স্ক্রিনশট এবং কোকা-কোলার ক্যাপ সঙ্গে রাখতে হবে।
আয়োজক কর্তৃপক্ষ দর্শকদের জন্য কয়েকটি নিয়মও নির্ধারণ করেছে। ট্রফি স্পর্শ করা নিষিদ্ধ, বড় ব্যাকপ্যাক বহন, ধূমপান, টিকিট হস্তান্তর কিংবা কোনো দেশের পতাকা নিয়ে প্রবেশের অনুমতি নেই। পাশাপাশি ধারালো বা নিষিদ্ধ কোনো বস্তু আনা কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে।
উল্লেখ্য, কোকা-কোলা কোম্পানি ও আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফার যৌথ উদ্যোগে ‘ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুর বাই কোকা-কোলা’র ষষ্ঠ আসর শুরু হয় গত ৩ জানুয়ারি। সৌদি আরবের রাজধানী রিয়াদে বর্ণিল আয়োজনের মাধ্যমে এই বিশ্বভ্রমণের সূচনা করা হয়।
২০২৬ সালের ফিফা বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড় আসর হতে যাচ্ছে। এই প্রথমবারের মতো কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করবে। এবারের আসরে অংশ নেবে ৪৮টি দল, অনুষ্ঠিত হবে ১০৪টি ম্যাচ এবং থাকবে আগের যেকোনো সময়ের তুলনায় বৃহৎ উৎসবমুখর আয়োজন।
ফিফা বিশ্বকাপের মূল ট্রফিটি বিশ্বের ৩০টি ফিফা সদস্য দেশের ৭৫টি গন্তব্যে ভ্রমণ করবে। পুরো সফর চলবে ১৫০ দিনেরও বেশি সময় ধরে, যা বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের জন্য এক বিরল ও স্মরণীয় অভিজ্ঞতা তৈরি করবে।