আগামী ২৪ ঘণ্টার মধ্যেই বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড়ের সৃষ্টি হতে যাচ্ছে, যার নাম হবে ‘মন্থা’। রোববার (২৬ অক্টোবর) ভারতের আবহাওয়া বিভাগ তাদের সর্বশেষ আপডেটে এই তথ্য জানিয়েছে।
বর্তমানে এটি একটি গভীর নিম্নচাপ হিসেবে বঙ্গোপসাগরে অবস্থান করছে। আবহাওয়াবিদরা মনে করছেন, আগামী এক দিনের মধ্যে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে ২৮ অক্টোবরের মধ্যে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
ভারতের আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, নিম্নচাপটি বর্তমানে পোর্ট ব্লেয়ার থেকে প্রায় ৬১০ কিলোমিটার পশ্চিমে, চেন্নাই থেকে ৭৯০ কিলোমিটার দক্ষিণ–পূর্বে, বিশাখাপত্তনম থেকে ৮৫০ কিলোমিটার দক্ষিণ–দক্ষিণপূর্বে এবং ওড়িশার গোপালপুর থেকে ৯৫০ কিলোমিটার দক্ষিণ–দক্ষিণপূর্বে অবস্থান করছে।
গভীর নিম্নচাপটির গতিপথ অনুযায়ী, এটি ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলীয় এলাকায়, বিশেষ করে মাখিলিপাটনাম ও কাকিনাদা অঞ্চলে, আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশের পরিস্থিতি
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় অবস্থানরত নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
রোববার প্রকাশিত বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি, উত্তর বঙ্গোপসাগর ও গভীর সমুদ্রে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।
সকালে নিম্নচাপ কেন্দ্রটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১,৩৪০ কিলোমিটার দক্ষিণে, কক্সবাজার থেকে ১,২৭০ কিলোমিটার দক্ষিণে, মোংলা থেকে ১,৩০০ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা থেকে ১,২৬৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা বা ঝড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত বেগে বইছে। এ কারণে সমুদ্র বর্তমানে উত্তাল অবস্থায় রয়েছে।
নামকরণ ও আন্তর্জাতিক প্রেক্ষাপট
বঙ্গোপসাগরে সৃষ্টি হতে যাওয়া এই ঘূর্ণিঝড়টির নাম ‘মন্থা’ রেখেছে থাইল্যান্ড। শব্দটির অর্থ ‘সুন্দর ফুল’।
উল্লেখ্য, বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO) ঘূর্ণিঝড়ের নামকরণের জন্য ভারত মহাসাগরীয় অঞ্চলের ১৩টি দেশকে অন্তর্ভুক্ত করেছে— বাংলাদেশ, ভারত, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, ওমান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত এবং ইয়েমেন।
অন্যদিকে, একই সময়ে আরব সাগরেও একটি নিম্নচাপ সক্রিয় হচ্ছে, যা আগামী কয়েক দিনের মধ্যে শক্তিশালী রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় ভারতীয় সেনাবাহিনীকে ইতোমধ্যেই সতর্কাবস্থায় রাখা হয়েছে।