Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / রাজনীতি / ছবি তোলায় আদালতে সাংবাদিকদের ওপর আ. লীগ নেতার হামলা - Chief TV

ছবি তোলায় আদালতে সাংবাদিকদের ওপর আ. লীগ নেতার হামলা - Chief TV

2025-10-16  ডেস্ক রিপোর্ট  109 views
ছবি তোলায় আদালতে সাংবাদিকদের ওপর আ. লীগ নেতার হামলা - Chief TV

সিলেটের কোম্পানীগঞ্জে সাদাপাথর লুটপাট মামলার আসামি এবং অবৈধভাবে বালু উত্তোলন করে ধলাই সেতুকে ঝুঁকিতে ফেলার অভিযোগে অভিযুক্ত আলফু চেয়ারম্যান ও তার ছেলে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছেন।

ঘটনা সিলেটের আদালতপাড়ায় ঘটে। হামলার পাশাপাশি অভিযুক্তরা সাংবাদিকদের মোবাইলও ছিনিয়ে নেন। আলফু চেয়ারম্যান কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি।

পুলিশ সূত্রে জানা যায়, পাথর লুটপাট মামলায় আলফু মিয়ার রিমান্ড শুনানি চলছিল। আদালত শেষে পুলিশ তাকে প্রিজন ভ্যানে নিয়ে যাচ্ছিল। এ সময় সাংবাদিকরা ছবি তুলতে গেলে আলফু ও তার ছেলে হামলা চালায়। হামলায় স্থানীয় সাংবাদিক নয়ন সরকার ও একজন ভিডিও সাংবাদিক আহত হন।

নয়ন সরকার জানান, “আদালত এলাকায় সংবাদ কাভার করতে গেলে হঠাৎ আলফু মিয়ার ছেলে আমার ওপর হামলা চালায়। এরপর আলফু নিজেই হাতকড়া পরা অবস্থায় আমার মোবাইলটি নিয়ে নেন। ঘটনাটি পুলিশের চোখের সামনে ঘটেছে।”

ঘটনার পর সাংবাদিক নয়ন সরকার বিষয়টি সিলেট মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করলে তারা তদন্তের আশ্বাস দেন।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “ঘটনার বিষয়ে আমরা অবগত। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ সত্য প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”


Share:

Single Page