Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / স্বাস্থ্য / ধূমপান কখন বেশি ক্ষতি করে, জানালেন চিকিৎসক- Chief TV

ধূমপান কখন বেশি ক্ষতি করে, জানালেন চিকিৎসক- Chief TV

2025-11-02  ডেস্ক রিপোর্ট  259 views
ধূমপান কখন বেশি ক্ষতি করে, জানালেন চিকিৎসক- Chief TV

ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর—এ কথা প্রায় সকলেই জানেন। দিন কিংবা রাত, যখনই ধূমপান করা হোক না কেন, তা দেহের জন্য ক্ষতিকর। তবে চিকিৎসকদের মতে, দিনের একটি নির্দিষ্ট সময় ধূমপান শরীরের জন্য সবচেয়ে ভয়াবহ ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।

বিশেষজ্ঞদের মতে, দিনের শুরুতে—অর্থাৎ সকালে ঘুম থেকে উঠেই ধূমপান করা শরীরের জন্য মারাত্মক বিপজ্জনক। অতি আসক্ত ধূমপায়ী বা ‘চেইন স্মোকার’ না হয়েও যারা সকালে ধূমপান করেন, তারাও নিজেদের অজান্তে বড় ক্ষতির মুখে পড়েন।

ভারতীয় একটি সংবাদমাধ্যমের সঙ্গে ধূমপানের ক্ষতিকর দিক ও সময় নিয়ে কথা বলেছেন পালমোনোলজিস্ট ডা. বিকাশ মিত্তল। তিনি গবেষণার তথ্য উল্লেখ করে বলেন, সকালে একটি বিড়ি বা সিগারেট পানের ফলে হার্ট ও ফুসফুসে যে পরিমাণ ক্ষতি হয়, তা নিয়মিত ধূমপায়ীদের ক্ষেত্রেও দেখা যায় না।

ডা. বিকাশ জানান, সকালে ঘুম থেকে ওঠার পর শরীর মূলত “রিসেট মোডে” থাকে। তখন ফুসফুস অত্যন্ত স্পর্শকাতর অবস্থায় থাকে এবং হরমোনের মাত্রাও তুলনামূলকভাবে বেশি থাকে। এ সময় সামান্য পরিমাণ ধূমপানও শরীরের জন্য ভয়াবহ ক্ষতির কারণ হতে পারে।

তিনি আরও বলেন, ঘুমানোর সময় শরীরের সব অঙ্গপ্রত্যঙ্গ বিশ্রামে থাকে এবং সারাদিনের ক্ষয়ক্ষতির সংস্কার কাজ চলে। ঘুম থেকে উঠেই ধূমপান করলে ক্ষতিকর রাসায়নিক সরাসরি গুরুত্বপূর্ণ অঙ্গগুলোতে আঘাত করে এবং দ্রুত হারে টক্সিন শোষণ হয়। ঘুম থেকে উঠার পর অন্তত ৩০ মিনিটের মধ্যে ধূমপানের অভ্যাস থাকলে এ ক্ষতির সম্ভাবনা বহুগুণে বেড়ে যায়।

এ সময় চা বা কফির সঙ্গে ধূমপানের অভ্যাস থাকলে ঝুঁকি আরও বেড়ে যায়। এ বিষয়ে ডা. বিকাশ বলেন, “কার্সিনোজেন এক্সপোজারের মাত্রা বৃদ্ধি পেলে রক্তজালিকাও ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে ফুসফুসের ক্যানসারের ঝুঁকি মারাত্মকভাবে বেড়ে যায়।”


Share: