জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়নের আছরাঙ্গা দিঘীর পাড় ও তুলসীগঙ্গা নদীর তীরে বসেছে ঐতিহ্যবাহী সন্ন্যাসতলী ঘুড়ি মেলা। প্রায় ২০০ বছরের পুরোনো এই মেলা ঘিরে প্রতি বছরই সৃষ্টি হয় উৎসবের আমেজ, আর এবারও তার ব্যতিক্রম হয়নি।
সকাল থেকেই দূর-দূরান্ত থেকে মানুষজন মেলায় ভিড় জমাতে শুরু করেন। আকাশজুড়ে রঙ-বেরঙের ঘুড়ির উড়াউড়ি আর দর্শনার্থীদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। বিশেষ করে শিশু-কিশোরদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
স্থানীয় প্রবীণরা জানান, এই মেলার ইতিহাস বহু পুরোনো। একসময় এটি ধর্মীয় ও সামাজিক মিলনমেলায় পরিণত হয়েছিল, যা এখন গ্রামীণ ঐতিহ্য ও বিনোদনের অন্যতম বড় আয়োজন হিসেবে পরিচিত।
মেলায় ঘুড়ি ছাড়াও বিভিন্ন গ্রামীণ পণ্য, খেলনা, মিষ্টি ও খাবারের দোকান বসে। এতে স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীরাও ভালো বেচাকেনার সুযোগ পান।
দর্শনার্থীরা বলছেন, প্রযুক্তিনির্ভর এই সময়ে এমন ঐতিহ্যবাহী আয়োজন নতুন প্রজন্মকে গ্রামীণ সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আয়োজকরাও জানান, ভবিষ্যতেও এ ঐতিহ্য ধরে রাখতে তারা কাজ করে যাবেন।