Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / বিনোদন / এবার বিডিআর বিদ্রোহ নিয়ে সিনেমা - Chief TV

এবার বিডিআর বিদ্রোহ নিয়ে সিনেমা - Chief TV

2026-01-25  ডেস্ক রিপোর্ট  56 views
এবার বিডিআর বিদ্রোহ নিয়ে সিনেমা - Chief TV

সিনেমা ও ওয়েব ফিল্ম নির্মাণের ক্ষেত্রে সত্য ঘটনা অবলম্বনের জন্য পরিচিত নির্মাতা রায়হান রাফী। বরগুনার রিফাত-মিন্নি হত্যাকাণ্ডের প্রেক্ষাপটে তিনি তৈরি করেন আলোচিত সিনেমা ‘পরাণ’। এর পর গাজীপুরের প্রবাসী দম্পতির হত্যা নিয়ে তিনি নির্মাণ করেন ‘জানোয়ার’, ঢাকার কদমতলী এলাকায় সংঘটিত ট্রিপল মার্ডার নিয়ে তৈরি হয় ‘ফ্রাইডে’।

সম্প্রতি তার ওটিটি ওয়েব ফিল্ম ‘অমীমাংসিত’ মুক্তি পেয়েছে, যা সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের ঘটনা অবলম্বনে নির্মিত।

রায়হান রাফী জানিয়েছেন, তিনি বিডিআর বিদ্রোহ বিষয়ক সিনেমা নির্মাণের পরিকল্পনা করছেন। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় ঘটে যাওয়া ওই বিদ্রোহে বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদসহ ৭৪ জন নিহত হন। রাফী বলেন, “এতজন সেনাকে হত্যা করা হলো, একের পর এক লাশ বের হলো, গণকবর হলো। ভিতরে কী ঘটনা ঘটেছিল তা এখনো পুরোপুরি জানা নেই। আরও তথ্য পাওয়ার পর আমি এই বিষয় নিয়ে সিনেমা তৈরি করব।”

তিনি আরও বলেন, “সত্য ঘটনা অবলম্বনে কাজ করতে গিয়ে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। ‘অমীমাংসিত’ মুক্তির সময় সেন্সর বোর্ড প্রথমে সিনেমাটিকে নিষিদ্ধ করেছিল, তবে সরকার পরিবর্তনের পর এটি মুক্তি পেয়েছে। সাহস থাকলে সত্য ঘটনা অবলম্বনে বারবার কাজ করা সম্ভব। আমার লক্ষ্য হলো সমাজে একই ধরনের অন্যায় যেন পুনরায় না ঘটে, সেই সচেতনতা তৈরি করা।”

বর্তমানে রাফী ব্যস্ত আছেন তার প্রযোজনায় তৈরি হচ্ছে নতুন সিনেমা ‘প্রেশার কুকার’ নিয়ে। সিনেমাটি চারটি গল্প নিয়ে তৈরি হচ্ছে এবং এর মাধ্যমে তিনি প্রথমবার প্রযোজক হিসেবে নাম লিখাচ্ছেন। সিনেমাটি রোজার ঈদে মুক্তি পাওয়ার পরিকল্পনা রয়েছে।

এর পাশাপাশি সম্প্রতি তিনি ভৌতিক ঘরানার সিনেমা ‘আন্ধার’ এর শুটিং শেষ করেছেন, যা এই বছর মুক্তি পাওয়ার কথা।


Share: