Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / খেলাধুলা / বিশ্বকাপে আক্ষেপ ঘুচিয়ে জয় পেল আর্জেন্টিনা

বিশ্বকাপে আক্ষেপ ঘুচিয়ে জয় পেল আর্জেন্টিনা

2026-06-17  ডেস্ক রিপোর্ট  29 views
বিশ্বকাপে আক্ষেপ ঘুচিয়ে জয় পেল আর্জেন্টিনা

২০২৬ বিশ্বকাপের প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। লিওনেল মেসির দুর্দান্ত হ্যাটট্রিকে জয় পাওয়ার পাশাপাশি দীর্ঘদিনের একটি অপূর্ণতাও ঘুচিয়েছে আলবিসেলেস্তেরা।

১৯৭৮ ও ১৯৮৬ সালে বিশ্বকাপ জয়ের পর পরবর্তী আসরের প্রথম ম্যাচে হারের মুখ দেখেছিল আর্জেন্টিনা। তবে ২০২২ কাতার বিশ্বকাপ জয়ের পর এবার সেই আক্ষেপের অবসান ঘটিয়ে জয় দিয়েই বিশ্বকাপ অভিযান শুরু করল তারা।

কানসাস সিটিতে অনুষ্ঠিত জে-গ্রুপের ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আর্জেন্টিনা। ম্যাচের পঞ্চম মিনিটে মেসির একটি গোল অফসাইডের কারণে বাতিল হলেও ১৭তম মিনিটে রদ্রিগো ডি পলের পাস থেকে দুর্দান্ত শটে গোল করে দলকে এগিয়ে দেন তিনি।

প্রথমার্ধে আরও কয়েকটি সুযোগ তৈরি করলেও ব্যবধান বাড়াতে পারেনি আর্জেন্টিনা। ১-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় দলটি।

দ্বিতীয়ার্ধে কোচ লিওনেল স্কালোনির পরিবর্তন আক্রমণে নতুন গতি এনে দেয়। ম্যাচের ৬০তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন মেসি। অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের শট গোলরক্ষক লুকা জিদান সামলাতে না পারলে ফিরতি বলে সহজেই জাল খুঁজে নেন আর্জেন্টাইন অধিনায়ক।

এরপর কয়েকটি সুযোগ নষ্ট হলেও ৭৬তম মিনিটে নিজের প্রথম বিশ্বকাপ হ্যাটট্রিক পূর্ণ করেন মেসি। নিখুঁত ফিনিশিংয়ে বল জালে পাঠিয়ে দলের ৩-০ গোলের জয় নিশ্চিত করেন তিনি।

এই হ্যাটট্রিকের মাধ্যমে বিশ্বকাপে মেসির মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৬। ফলে তিনি জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার সর্বোচ্চ গোলের রেকর্ডের সমতায় পৌঁছেছেন। আর একটি গোল করলেই বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার আসনে এককভাবে বসবেন তিনি।

বিশ্বকাপের প্রথম ম্যাচেই এমন দাপুটে জয় আর্জেন্টিনাকে শিরোপা ধরে রাখার লড়াইয়ে বাড়তি আত্মবিশ্বাস দিয়েছে। আর মেসি আবারও প্রমাণ করেছেন, বড় মঞ্চে তার প্রভাব এখনো আগের মতোই অটুট।
 


Share: