পুরো বিশ্ব যখন ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় ব্যস্ত, তখন গাজার ফুটবল অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। ইসরায়েলি বাহিনীর গুলিতে দক্ষিণ গাজার খান ইউনিসভিত্তিক ক্লাব খাদামাত খান ইউনিসের গোলরক্ষক সেলিম খাদের আল-আশকার নিহত হয়েছেন।
সোমবার (২৯ জুন) খান ইউনিসের উত্তর-পূর্বাঞ্চলের আল-কারারা এলাকায় ইসরায়েলি বাহিনীর গুলিতে ৩২ বছর বয়সি এই ফুটবলার নিহত হন বলে জানিয়েছে ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন এবং রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াফা।
স্থানীয় ফুটবলে পরিচিত মুখ সেলিম আল-আশকার ক্যারিয়ারে খাদামাত খান ইউনিস ছাড়াও আল-আকসা ও আল-মুসাদ্দার স্পোর্টস ক্লাবের হয়ে খেলেছেন। ফুটবল অঙ্গনে তিনি একজন প্রতিভাবান গোলরক্ষক হিসেবে পরিচিত ছিলেন।
ব্যক্তিগত জীবনে নতুন অধ্যায় শুরু করেছিলেন তিনি মাত্র পাঁচ মাস আগে বিয়ে করে। তার স্ত্রী বর্তমানে প্রথম সন্তানের অপেক্ষায় রয়েছেন। পরিবারের সাত ভাইবোনের মধ্যে একমাত্র ছেলে হওয়ায় তার মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোক।
ফিলিস্তিনি ক্রীড়া মহলের তথ্যমতে, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় সংঘাত শুরুর পর এখন পর্যন্ত ক্রীড়া অঙ্গনের ১ হাজার ৯ জন সদস্য প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে ৫৬৭ জন ফুটবলের সঙ্গে যুক্ত ছিলেন।