Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রাজনীতি / চার মাসে এক লাখ কোটি টাকা ঋণ বেড়েছে, সংসদে আখতার হোসেন - Chief TV

চার মাসে এক লাখ কোটি টাকা ঋণ বেড়েছে, সংসদে আখতার হোসেন - Chief TV

2026-06-26  ডেস্ক রিপোর্ট  36 views
চার মাসে এক লাখ কোটি টাকা ঋণ বেড়েছে, সংসদে আখতার হোসেন - Chief TV
মাত্র চার মাসের শাসনামলে বর্তমান সরকার দেশকে আরও এক লাখ কোটি টাকার বেশি ঋণের জালে জড়িয়ে ফেলেছে বলে তীব্র সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন।
 
গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে আয়োজিত বাজেট অধিবেশনে অংশ নিয়ে তিনি এই চাঞ্চল্যকর তথ্য দেন। তিনি জানান, এই সরকার যখন দায়িত্ব নেয় তখন দেশের ঋণের পরিমাণ ছিল প্রায় ২৩ লাখ কোটি টাকা, যা এই কয়েক মাসে বৃদ্ধি পেয়ে এখন ২৪ লাখ কোটি টাকায় দাঁড়িয়েছে।
 
জনগণের গণভোটের রায় ও আকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠা নিয়ে সরকারি দলের নীরবতার কঠোর সমালোচনা করেন তিনি। একই সাথে অর্থনৈতিক খাতে কোনো সংস্কার না হওয়ায় আইএমএফ ঋণ দিচ্ছে না এবং ব্যাংক খাতে চরম অরাজকতা চলছে উল্লেখ করে তিনি ক্ষোভ প্রকাশ করেন।
 
দেউলিয়া ও টাকা পাচারের জন্য দায়ী সাবেক মালিকদের কাছেই আবারও ব্যাংক ফিরিয়ে দেওয়ার আইনি প্রক্রিয়ার ফায়দা কী, তা নিয়ে প্রশ্ন তোলেন এই সংসদ সদস্য।
 
দেশের অর্থনীতিকে একটি ফাঁকা ‘ঝুপড়ি’র সঙ্গে তুলনা করে তিনি বলেন, আওয়ামী লীগ আমলে ২৪০ বিলিয়ন ডলার পাচার হয়েছে এবং বর্তমান খেলাপি ঋণ ও ১০ শতাংশের কাছাকাছি থাকা মুদ্রাস্ফীতি দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে।
 
বাজেট ঘোষণার পর নিত্যপণ্যের দাম বাড়েনি—সরকারি দলের এমন দাবির জবাবে তিনি বলেন, সরকার বাজেট ঘোষণার আগেই মেকানিজম করে দুই দফায় বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়িয়ে সাধারণ মানুষের পকেট কেটেছে। সুশাসন ও সংস্কার নিশ্চিত করতে না পারলে আইএমএফের মতো সরকারি দলকেও জনগণের কাছ থেকে খালি হাতে ফিরে আসতে হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

Share: