Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / বিনোদন / চীনের সিনেমা দিয়ে পর্দা উঠছে ঢাকা উৎসবের - Chief TV

চীনের সিনেমা দিয়ে পর্দা উঠছে ঢাকা উৎসবের - Chief TV

2026-01-06  ডেস্ক রিপোর্ট  119 views
চীনের সিনেমা দিয়ে পর্দা উঠছে ঢাকা উৎসবের - Chief TV

দেশের সাম্প্রতিক সার্বিক পরিস্থিতির কারণে ঢাকায় একের পর এক আন্তর্জাতিক কনসার্টের অনুমতি না মিললেও ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ঘিরে আয়োজন থেমে নেই। যদিও উৎসবটি আদৌ নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে কি না—এ নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে, তবু আয়োজকেরা শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত রয়েছেন। আগামী ১০ জানুয়ারি উৎসবের পর্দা ওঠার কথা।

সোমবার (৫ জানুয়ারি) প্রকাশ করা হয়েছে এবারের উৎসবের আনুষ্ঠানিক সময়সূচি। উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে নির্বাচিত হয়েছে চীনের সিনেমা ‘দ্য জার্নি টু নো এন্ড’।

রেইনবো চলচ্চিত্র সংসদের আয়োজনে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক উৎসবে এবার থাকছে ১১টি বিভাগ। বিশ্বের ৭০টিরও বেশি দেশ থেকে পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য মিলিয়ে মোট ২৪৬টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। উৎসবের প্রদর্শনী ভেন্যু হিসেবে নির্ধারিত হয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, জাতীয় জাদুঘর, আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তন এবং স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়াম।

১০ জানুয়ারি বিকেল ৪টায় জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠান। বিকেল সাড়ে ৫টায় উদ্বোধনী ছবি হিসেবে প্রদর্শিত হবে চীনের ‘দ্য জার্নি টু নো এন্ড’, যা এশিয়ান ফিল্ম কম্পিটিশন বিভাগে প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে ইরানের চলচ্চিত্র ‘উইদাউট মি’।

এবার বাংলাদেশ প্যানোরামা বিভাগে নির্বাচিত হয়েছে ৯টি দেশীয় চলচ্চিত্র। এগুলো হলো—
সোহেল রানা বয়াতীর নয়া মানুষ,
জোবাইদুর রহমানের উড়াল,
বিপ্লব কুমার পাল বিপুর ধামের গান,
অনন্য প্রতীক চৌধুরীর নয়া নোট,
সুমন ধরের আগন্তুক,
আহমেদ হাসান সানির এখানে রাজনৈতিক আলাপ জরুরি,
মনিরুল হকের দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল,
জ্যাক মিরের দ্য স্টোরি অব আ রক
এবং তানিম নূরের উৎসব।

৯ দিনব্যাপী এই চলচ্চিত্র উৎসব শেষ হবে আগামী ১৮ জানুয়ারি পুরস্কার বিতরণীর মাধ্যমে। এবারের আসরে বিশেষ আকর্ষণ হিসেবে ‘চাইনিজ ফিল্ম উইক’ আয়োজন করা হচ্ছে, যার মাধ্যমে চীনা চলচ্চিত্রের ১২০ বছর পূর্তি উদযাপন করা হবে।


Share: