বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-০৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালে তিনি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রয়েছেন।
বৃহস্পতিবার (১২ মার্চ) দিবাগত রাত সোয়া ১২টার দিকে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান দেশের একটি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে শুক্রবার (১৩ মার্চ) এয়ার অ্যাম্বুলেন্সে চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে। বর্তমানে তিনি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রয়েছেন।
এদিকে একই দিন সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে যান জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। সেখানে তিনি মির্জা আব্বাসের স্ত্রীর সঙ্গে কথা বলেন এবং তাঁর শারীরিক অবস্থা ও চলমান চিকিৎসা সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি দ্রুত সুস্থতার জন্য তিনি আল্লাহর কাছে দোয়া করেন।
এর আগে বুধবার (১১ মার্চ) ইফতারের সময় পানি পান করতে গিয়ে হঠাৎ অচেতন হয়ে পড়েন মির্জা আব্বাস। পরে অবস্থার উন্নতি না হওয়ায় গভীর রাতে তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।