Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / ময়মনসিংহ বিভাগ / সারাদেশ / ময়মনসিংহ / এইচএসসি পরীক্ষা শুরুর ৪ ঘণ্টা আগে ছাদ থেকে লাফিয়ে পরীক্ষার্থীর আত্মহত্যা - Chief TV

এইচএসসি পরীক্ষা শুরুর ৪ ঘণ্টা আগে ছাদ থেকে লাফিয়ে পরীক্ষার্থীর আত্মহত্যা - Chief TV

2026-07-02  ডেস্ক রিপোর্ট  34 views
এইচএসসি পরীক্ষা শুরুর ৪ ঘণ্টা আগে ছাদ থেকে লাফিয়ে পরীক্ষার্থীর আত্মহত্যা - Chief TV
ময়মনসিংহ নগরীর কাচিঝুলী এলাকায় এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে একটি বহুতল ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে তিশা সরকার নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন।
 
বৃহস্পতিবার সকাল ৬টার দিকে নগরীর কাচিঝুলী মসজিদ রোড এলাকার ‘নাসা টাওয়ার’ নামক ভবনে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত তিশা সরকার ময়মনসিংহ নগরীর মিন্টু কলেজের এবারের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।
 
তিনি ময়মনসিংহ জেলার তারাকান্দা মধ্য বাজার এলাকার উত্তম সরকার ও মনি সরকারের মেয়ে। গত দুই বছর ধরে তিনি কাচিঝুলী মসজিদ রোডের ওই ছয় তলা ভবনের একটি ছাত্রী মেসে থেকে পড়াশোনা করে আসছিলেন।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু পরীক্ষা শুরুর মাত্র চার ঘণ্টা আগে তিশা মেসের সবার অলক্ষ্যে ভবনের ছাদে উঠে নিচে লাফিয়ে পড়েন।
 
বিকট শব্দ শুনে আশপাশের লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
ভোরের দিকে মেসের অন্য সদস্যরা ঘুমিয়ে থাকায় ঘটনার মুহূর্তে ঠিক কী ঘটেছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে তারা কিছুই টের পায়নি। খবর পেয়ে কোতোয়ালী মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়।
 
এই বিষয়ে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) আশরাফুল করিম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মেয়েটি বহুতল ভবনের ছয় তলার ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছে।
 
পরীক্ষাসংক্রান্ত কোনো মানসিক চাপ নাকি এর পেছনে অন্য কোনো পারিবারিক বা ব্যক্তিগত কারণ রয়েছে, তা পুলিশ গভীরভাবে খতিয়ে দেখছে এবং এই ঘটনায় একটি অপমৃত্যু মামলাসহ আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Share: