২০২৬ বিশ্বকাপে নরওয়ের জার্সিতে নেমে ফুটবলপ্রেমীদের চমকে দিয়েছেন তারকা স্ট্রাইকার আরলিং হালান্ড। কারণ, তার জার্সিতে পরিচিত ‘হালান্ড’-এর বদলে লেখা ছিল ‘ব্রাউট হালান্ড’। হঠাৎ নামের এই পরিবর্তন ঘিরে সমর্থকদের মধ্যে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।
জানা গেছে, জার্সিতে ‘ব্রাউট হালান্ড’ লেখার সিদ্ধান্তের পেছনে রয়েছে গভীর পারিবারিক আবেগ। নিজের পূর্ণ পরিচয় তুলে ধরা এবং পরিবারের প্রতি সম্মান জানাতেই বিশ্বকাপে এই বিশেষ সিদ্ধান্ত নেন নরওয়ের গোলমেশিন।
হালান্ডের ‘হালান্ড’ পদবিটি এসেছে তার বাবা আলফ-ইঙ্গে হালান্ডের কাছ থেকে। সাবেক এই ফুটবলার দীর্ঘদিন পেশাদার ফুটবলে খেলেছেন। অন্যদিকে ‘ব্রাউট’ এসেছে তার মা গ্রি মারিতা ব্রাউটের পরিবারের নাম থেকে। গ্রি মারিতা ছিলেন নরওয়ের একজন সফল অ্যাথলেট।
মায়ের পরিবারের নাম নিজের জার্সিতে যুক্ত করে মূলত তার প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন হালান্ড। তার এই সিদ্ধান্ত প্রশংসা কুড়িয়েছে সমর্থকদের কাছেও।
এবারের বিশ্বকাপে ২৮ বছর পর ফিরে নরওয়ের সবচেয়ে বড় ভরসা হয়ে উঠেছেন হালান্ড। টুর্নামেন্টে ইতোমধ্যেই পাঁচটি গোল করে তিনি সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় জায়গা করে নিয়েছেন।
শুধু গোলই নয়, গুরুত্বপূর্ণ মুহূর্তে দলকে জেতাতেও রাখছেন বড় ভূমিকা। আইভরি কোস্টের বিপক্ষে ম্যাচের ৮৬তম মিনিটে তার একমাত্র গোলেই জয় পায় নরওয়ে। এরপর ব্রাজিলের বিপক্ষেও জোড়া গোল করে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশনের ইতি টানেন এই তারকা স্ট্রাইকার।
দুর্দান্ত পারফরম্যান্সের পাশাপাশি জার্সিতে নাম পরিবর্তনের এই আবেগঘন গল্পও এবারের বিশ্বকাপে হালান্ডকে এনে দিয়েছে নতুন করে আলোচনায়।