Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / বিনোদন / ঝড় তুলেছে হাদিকে নিয়ে করা জিয়া হকের গান-কবিতা - Chief TV

ঝড় তুলেছে হাদিকে নিয়ে করা জিয়া হকের গান-কবিতা - Chief TV

2026-01-06  ডেস্ক রিপোর্ট  207 views
ঝড় তুলেছে হাদিকে নিয়ে করা জিয়া হকের গান-কবিতা - Chief TV

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরীফ ওসমান হাদিকে ঘিরে কবি জিয়া হকের লেখা বিপ্লবী গান ও কবিতাগুলো অল্প সময়েই নেটদুনিয়ায় তুমুল আলোড়ন তুলেছে। মাত্র কয়েক দিনের ব্যবধানে গান ও কবিতা মিলিয়ে শত মিলিয়নের কাছাকাছি ভিউ অর্জন করেছে এসব সৃষ্টি, যা এখন সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচনার কেন্দ্রে। চার দিন আগেও রিলস প্ল্যাটফর্মে বিশ্বজুড়ে টপ সার্চে ছিলেন কবি জিয়া হক।

জিয়া হকের লেখা ‘হাদির জিন্দাবাদ’ গানটি শিল্পী আবু উবাইদার ফেসবুক পেজে প্রকাশের দুই দিনের মধ্যেই সাড়ে ৮ মিলিয়ন ভিউ পায়, যা বর্তমানে ১১ মিলিয়ন ছাড়িয়ে গেছে। ইউটিউবে গানটির ভিউ তিন মিলিয়নের বেশি। এ ছাড়া গত শুক্রবার প্রকাশিত ‘কালচারাল হিরো’ গানের ট্রেলার শিল্পীর ফেসবুকে এক দিনেই ১০ লাখ ভিউ অর্জন করে। গানটি এখনও ইউটিউবে মুক্তি পায়নি।

কবিতা ‘গুলি-টুলি হাদিদের চুলটাও ছেঁড়ে না’ প্রকাশের দুই দিনের মাথায় ১২ মিলিয়নের বেশি ভিউ পায়। বিশেষ করে বিজয় দিবসে কবিতাটি ১০ মিলিয়ন ভিউ অতিক্রম করে নতুন রেকর্ড গড়ে। একই সময়ে আবু উবাইদার কণ্ঠে ইউটিউবে প্রকাশিত ‘হাদি তুই ফিরে আয়’ গানটিও পাঁচ মিলিয়নের বেশি ভিউ পেয়ে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে।

এই গান ও কবিতাগুলো শুধু ইউটিউবেই নয়—ইনস্টাগ্রাম ও টিকটকেও সমানভাবে ছড়িয়ে পড়েছে। ভিউ পরিসংখ্যান অনুযায়ী, ওসমান গণির অ্যাকাউন্ট থেকে ছয় মিলিয়নের বেশি এবং মহিউদ্দিন হাসান খানের অ্যাকাউন্ট থেকে প্রায় দুই মিলিয়ন ভিউ এসেছে।

আরও লক্ষণীয় বিষয় হলো—হাদিকে নিয়ে লেখা জিয়া হকের অনেক পঙ্‌ক্তি এখন স্লোগান ও দেয়াল লিখনে ব্যবহৃত হচ্ছে। নেটদুনিয়ায়ও বিভিন্ন মানুষের কণ্ঠে এসব লাইন উচ্চারিত হতে শোনা যাচ্ছে।

এ বিষয়ে গবেষক ও চিন্তক আমান আবদুল্লাহ ফেসবুকে লিখেছেন, হাদিকে ঘিরে তৈরি উপমা ও ভাষা ফররুখ আহমদের পর বাংলা সাহিত্যকে সভ্যতার দীর্ঘ ইতিহাস ও ইসলামের সঙ্গে এত গভীর ও স্বতঃস্ফূর্তভাবে যুক্ত করেছে—এমন উদাহরণ বিরল।

লেখক ও উপস্থাপক ইকবাল খন্দকার মন্তব্য করেন, এটি কেবল গান নয়—একটি হুংকার। তার মতে, মুক্তিযুদ্ধের পর আর কোনো আন্দোলনকে ঘিরে এমন শক্তিশালী ও মানুষের হৃদয়ে গেঁথে যাওয়া গান তৈরি হয়নি। তিনি বলেন, ‘হাদি তুই ফিরে আয়’ গানটি রক্ত গরম করা শক্তি ও আবেগে ভরপুর, যা দীর্ঘদিন মানুষকে অনুপ্রাণিত করবে।

তার ভাষায়, ভবিষ্যতে কোথাও হাদির নাম উচ্চারিত না হলেও এই গান বাজলে হাদি আবার নতুন করে মানুষের সামনে ফিরে আসবেন, আর তরুণ প্রজন্ম জানবে—হাসিমুখে থেকেও জীবন উৎসর্গ করা যায়।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর ব্যারিস্টার তাজুল ইসলাম, ডাকসুর ভিপি সাদিক কায়েমসহ বহু রাজনীতিবিদ, সাংবাদিক, লেখক ও বুদ্ধিজীবী সামাজিক যোগাযোগমাধ্যমে ‘হাদির জিন্দাবাদ’ গানটি শেয়ার করেছেন।

নিজের অনুভূতি জানাতে গিয়ে কবি জিয়া হক বলেন, ‘কবিতার কদর নেই—এমন সময়ে আমার লেখা কয়েকটি কবিতা ও গান কোটি মানুষের হৃদয় ছুঁয়ে যাবে, তা কল্পনাও করিনি। গত এক সপ্তাহে হাজার হাজার বার্তা পেয়েছি, যেগুলো আবেগ আর ভালোবাসায় ভরা। এই ভালোবাসাই আমাকে আরও লেখার শক্তি দেবে।’

এদিকে শিল্পী আবু উবাইদা ঘোষণা দিয়েছেন, আগামী এক মাসে তার ইউটিউব চ্যানেল থেকে যে আয় হবে, তার পুরোটা তিনি হাদির পরিবারের জন্য উপহার হিসেবে তুলে দেবেন।


Share: