Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / জাতীয় / কালেমা খচিত পতাকা নিয়ে যা বললেন ধর্মমন্ত্রী - Chief TV

কালেমা খচিত পতাকা নিয়ে যা বললেন ধর্মমন্ত্রী - Chief TV

2026-07-03  ডেস্ক রিপোর্ট  36 views
কালেমা খচিত পতাকা নিয়ে যা বললেন ধর্মমন্ত্রী - Chief TV

কালেমা খচিত পতাকা বা ইসলামের অন্যান্য ধর্মীয় প্রতীককে ঘিরে কোনো ধরনের বিভ্রান্তি, অবমাননা কিংবা রাজনৈতিক অপব্যবহার কাম্য নয় বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন বলে জানানো হয়েছে।

ধর্মমন্ত্রী বলেন, এ ধরনের যেকোনো অপচেষ্টা সমাজে বিভ্রান্তি সৃষ্টি করে এবং জাতীয় ঐক্য বিনষ্টের কারণ হতে পারে। ইসলামের পবিত্র নিদর্শন ও ধর্মীয় প্রতীকসমূহের মর্যাদা রক্ষা করা প্রত্যেক মুসলমানের ঈমানি দায়িত্ব।

সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে সাদা কিংবা কালো কাপড়ে কালেমা তায়্যিবা খচিত পতাকার প্রদর্শন দেখা যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের প্রতীককে কেন্দ্র করে কোনো পক্ষ যদি বাংলাদেশকে ভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করে, তা দেশের জন্য ক্ষতিকর হতে পারে।

তিনি আরও বলেন, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা এবং মহান আল্লাহ ও তাঁর রাসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত আদর্শের বাইরে কোনো নতুন মতবাদ বা বিশ্বাস ইসলামে গ্রহণযোগ্য নয়। ধর্মীয় সব বিষয়ে পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে বলেও তিনি উল্লেখ করেন।

সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুহাম্মদ মুহিবুল্লাহিল বাকী নদভীর সভাপতিত্বে দেশের বিভিন্ন কওমি মাদ্রাসা, ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানের আলেম-ওলামারা উপস্থিত ছিলেন। তারা বলেন, ধর্মপ্রাণ যুবসমাজ আন্তরিক অনুভূতি থেকে কালেমা খচিত পতাকা বহন করলেও কিছু মহল বিষয়টিকে ভিন্নভাবে উপস্থাপন করে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে।


Share: