নোয়াখালীর হাতিয়ায় নারীসহ আপত্তিকর অবস্থায় আটকের ঘটনায় আশরাফ উদ্দিন (৪০) নামে এক যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তাকে দলীয় পদ ও প্রাথমিক সদস্যপদ থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে।
শুক্রবার বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালী জেলা যুবদলের দপ্তর সম্পাদক রাইসুল হায়দার বাবু। তিনি জানান, অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ পাওয়ায় আশরাফ উদ্দিনকে নিঝুমদ্বীপ ইউনিয়ন যুবদলের সভাপতির পদসহ সব ধরনের সাংগঠনিক দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে। জেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের সিদ্ধান্তে এ ব্যবস্থা নেওয়া হয়।
দলীয় পক্ষ থেকে আরও জানানো হয়, ব্যক্তিগত অপরাধের দায় সংগঠন বহন করবে না এবং কোনো অপরাধীকে দলে রাখা হবে না। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত পৌনে ১০টার দিকে নিঝুমদ্বীপ এলাকায় স্থানীয়রা নারীসহ তাকে আটক করেন। পরে ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দেয়। পরে রাত ১১টার দিকে স্থানীয়ভাবে বিষয়টি নিষ্পত্তি করে তাদের ছেড়ে দেওয়া হয়।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হলেও পৌঁছানোর আগেই সংশ্লিষ্টরা স্থান ত্যাগ করেন। সেখানে গিয়ে কাউকে পাওয়া যায়নি বলেও তিনি জানান।