Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / চট্টগ্রাম বিভাগ / সারাদেশ / কুমিল্লা / কুমিল্লায় মায়ের হাত ফসকে জলাবদ্ধ ড্রেনে পড়ে শিশুর করুণ মৃত্যু

কুমিল্লায় মায়ের হাত ফসকে জলাবদ্ধ ড্রেনে পড়ে শিশুর করুণ মৃত্যু

2026-06-22  ডেস্ক রিপোর্ট  39 views
কুমিল্লায় মায়ের হাত ফসকে জলাবদ্ধ ড্রেনে পড়ে শিশুর করুণ মৃত্যু
কুমিল্লা নগরীর ছোটরা এলাকায় ফুটপাতের খোলা ড্রেনে পড়ে আট বছর বয়সী এক শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার রাত ৯টার দিকে ছোটরা মফিজাবাদ কলোনি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম স্মৃতি, সে লাকসাম উপজেলার বেতিহাটি গ্রামের বিল্লাল হোসেনের মেয়ে এবং নগরীর বদরপুর আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
 
স্থানীয় সূত্রে জানা গেছে, মামার বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে মায়ের সাথে নানাবাড়িতে এসেছিল স্মৃতি। রাতে মায়ের হাত ধরে হেঁটে বাসায় ফেরার পথে রাস্তায় তীব্র জলাবদ্ধতা থাকায় কোনো রিকশা না পেয়ে তারা ফুটপাত দিয়ে হাঁটছিলেন।
 
এ সময় হঠাৎ মায়ের হাত ফসকে ফুটপাতের ঢাকনাবিহীন খোলা ড্রেনে পড়ে তলিয়ে যায় শিশুটি। প্রায় ২০ মিনিট পর দুর্ঘটনাস্থল থেকে প্রায় ৩০-৪০ ফুট দূরে ড্রেনের ভেতর থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করলেও ততক্ষণে তার প্রাণ চলে যায়।

এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে স্থানীয় বাসিন্দারা জানান, ফুটপাতে ড্রেনের স্ল্যাবগুলো না থাকায় এখানে প্রায়ই দুর্ঘটনা ঘটে এবং বৃষ্টি হলে রাস্তায় পানি জমে থাকায় গর্ত বা ম্যানহোল কিছুই দেখা যায় না।
 
অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণেই এই অবুঝ শিশুটির প্রাণ ঝরল বলে তারা অভিযোগ করেন। নগরীর ২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বিল্লাল হোসেন ড্রেনটি দীর্ঘদিন ধরে খোলা অবস্থায় থাকার কথা স্বীকার করে জানান, খবর পেয়েই তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান।
 
ঘটনার পর সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু নিহত শিশুর শোকসন্তপ্ত বাবা-মায়ের সঙ্গে কথা বলে সান্ত্বনা জানিয়েছেন।

Share: