Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / ঢাকা বিভাগ / সারাদেশ / গাজীপুর / গাজীপুরে ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে নারী পথচারীর মৃত্যু - Chief TV

গাজীপুরে ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে নারী পথচারীর মৃত্যু - Chief TV

2026-06-22  ডেস্ক রিপোর্ট  19 views
গাজীপুরে ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে নারী পথচারীর মৃত্যু - Chief TV
গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে আবারও এক নারী পথচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত মোছা. নাজমা খাতুন সাতক্ষীরা জেলার কলারোয়া থানার লাংগলঝাড় এলাকার আব্দুল বারীর মেয়ে।
 
রোববার বিকেলে গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস মোড়ের দক্ষিণ পাশে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে এই দুর্ঘটনা ঘটে। বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ জানান, রোববার বিকেলে ভারি বর্ষণের কারণে ভোগড়া বাইপাস এলাকার দক্ষিণ পাশে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পানিতে তলিয়ে যায়।
 
এ সময় রাস্তা পারাপারের সময় পানির নিচে থাকা ঢাকনাবিহীন একটি ম্যানহোলে পড়ে তাৎক্ষণিকভাবে নিখোঁজ হন ওই নারী। খবর পেয়ে ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালিয়ে তার লাশ উদ্ধার করেন।
 
পরে লাশটি ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। উল্লেখ্য, এর আগে গত বছরের ২৭ জুলাই রাতেও টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে ফারিয়া তাছনিম জ্যোতি নামে এক নারী নিখোঁজ হন, যার লাশ ৩৬ ঘণ্টার চেষ্টার পর শালিকচুঁড়া বিল থেকে উদ্ধার করেছিল ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

Share: