বলিউডে আবারও বিয়ের হাওয়া। সোনাক্ষী সিনহা ও অদিতি রাও হায়দারির পর এবার আলোচনার কেন্দ্রে ‘আশিকি’ খ্যাত অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। বলিপাড়ার অন্দরমহলে গুঞ্জন, সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৬ সালেই তিনি বিয়ের পিঁড়িতে বসতে পারেন। শোনা যাচ্ছে, বিয়ের পর মোদি পরিবারের সদস্য হতে যাচ্ছেন এই জনপ্রিয় অভিনেত্রী।
ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, চিত্রনাট্যকার ও সহকারী পরিচালক রাহুল মোদির সঙ্গে শ্রদ্ধার সম্পর্ক দীর্ঘদিন ধরেই বলিউডে একেবারেই ওপেন সিক্রেট। কফিশপে আড্ডা থেকে শুরু করে ডিনার ডেট কিংবা বিভিন্ন তারকাবহুল অনুষ্ঠানে—বিভিন্ন সময়ে তাদের একসঙ্গে দেখা গেছে। ক্যামেরার সামনে নয়, বরং স্বাভাবিক মুহূর্তেই তাদের ঘনিষ্ঠতা ধরা পড়েছে একাধিকবার।
ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই সংযত শ্রদ্ধা কাপুর প্রেম কিংবা বিয়ে প্রসঙ্গে খুব একটা মুখ খোলেন না। তবে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভক্তের প্রশ্নের উত্তরে তিনি হঠাৎ লিখে ফেলেন, “আমি বিয়ে করছি।” এই একটি বাক্যই মুহূর্তের মধ্যে নতুন করে জল্পনার জন্ম দেয়—কে হচ্ছেন তার জীবনসঙ্গী এবং কবে হচ্ছে বিয়ে?
যার নাম উঠে আসছে, সেই রাহুল মোদি বলিউডে পরিচিত হলেও লাইমলাইট এড়িয়ে চলতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। ক্যামেরার পেছনে কাজ করাই তার পছন্দ। ‘প্যায়ার কা পঞ্চনামা ২’, ‘সোনু কে টিটু কি সুইটি’ ও ‘তু ঝুঠি ম্যায় মক্কর’-এর মতো সফল ছবিতে সহকারী পরিচালক ও চিত্রনাট্যকার হিসেবে কাজ করে তিনি ইন্ডাস্ট্রিতে নিজের অবস্থান গড়ে তুলেছেন।
বিয়ের আয়োজন নিয়েও শুরু হয়েছে নানা আলোচনা। বলিপাড়ার গুঞ্জন অনুযায়ী, শ্রদ্ধা কাপুর নাকি রাজস্থানেই বিয়ের অনুষ্ঠান করতে আগ্রহী। প্রিয়াংকা চোপড়া ও ক্যাটরিনা কাইফের মতো উদয়পুরের কোনো ঐতিহ্যবাহী হেরিটেজ প্রাসাদে রাজকীয় আয়োজনে বিয়ে করার পরিকল্পনা থাকতে পারে। পুরো অনুষ্ঠানটি হবে ঐতিহ্যবাহী ঘরানায়, যেখানে থাকবেন শুধু পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা।
যদিও এখনো পর্যন্ত শ্রদ্ধা কাপুর কিংবা রাহুল মোদির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি, তবে বলিউডের ঘনিষ্ঠ সূত্রগুলোর দাবি—বিয়ের প্রস্তুতি নাকি ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। সব মিলিয়ে, খুব শিগগিরই কি মোদি পরিবারের বধূ হিসেবে নতুন অধ্যায় শুরু করতে চলেছেন শ্রদ্ধা কাপুর—সেই দিকেই এখন নজর বি-টাউনের।