Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / চট্টগ্রাম বিভাগ / সারাদেশ / রাঙ্গামাটি / রাজবন বিহারে ব্রাজিলের জার্সি পরে দানবাক্স চুরির চেষ্টা - Chief TV

রাজবন বিহারে ব্রাজিলের জার্সি পরে দানবাক্স চুরির চেষ্টা - Chief TV

2026-06-12  ডেস্ক রিপোর্ট  32 views
রাজবন বিহারে ব্রাজিলের জার্সি পরে দানবাক্স চুরির চেষ্টা - Chief TV
রাঙামাটির ঐতিহ্যবাহী রাজবন বিহারে ভরসকালে এক অভিনব ও চাঞ্চল্যকর চুরির চেষ্টার ঘটনা ঘটেছে। বিহারের মূল মন্দির থেকে কাঠের দানবাক্স নিয়ে পালিয়ে যাওয়ার সময় হাতেনাতে এক তরুণকে আটক করেছে বিহার কর্তৃপক্ষ ও উপস্থিত পুণ্যার্থীরা।
 
বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে ঘটা এই চুরির চেষ্টার সময় অভিযুক্ত ওই তরুণের পরনে ছিল ব্রাজিলের জার্সি। পরবর্তীতে লিখিত মুচলেকা ও ভবিষ্যতে এমন অপরাধ আর না করার প্রতিশ্রুতি নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। আটক হওয়া ওই তরুণ খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও বিহার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার ভোরেও রাজবন বিহারের ভিক্ষু সংঘ পিণ্ড সংগ্রহে (আহার গ্রহণ) ব্যস্ত ছিলেন। বিহারের এই ব্যস্ততার সুযোগ নিয়ে ব্রাজিলের জার্সি পরিহিত ওই তরুণ মূল মন্দিরে রাখা কাঠের তৈরি দানবাক্সটি হাতিয়ে নিয়ে চম্পট দেওয়ার চেষ্টা করে।
 
তবে সেখানে উপস্থিত উপাসক-উপাসিকারা বিষয়টি খেয়াল করে ফেলেন এবং চারপাশ থেকে ধাওয়া দিয়ে তাকে হাতেনাতে ধরে ফেলেন।
 
রাজবন বিহার উপাসক-উপাসিকা পরিষদের সদস্য স্নেহাশিস চাকমা জানান, আটকের পর ওই তরুণ নিজের ভুল স্বীকার করে এবং অপরাধমূলক কর্মকাণ্ডে আর না জড়ানোর অঙ্গীকার করে। যেহেতু সে অন্যায় স্বীকার করেছে, তাই মানবিক কারণে একটি লিখিত মুচলেকা রেখে তাকে পরিবারের কাছে ছেড়ে দেওয়া হয়।
 
তবে প্রকাশ্য দিবালোকে এমন চুরির চেষ্টার পর রাজবন বিহারের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে স্থানীয় ও পুণ্যার্থীদের মাঝে বেশ উদ্বেগ তৈরি হয়েছে। বিহার কর্তৃপক্ষ আশ্বস্ত করেছে যে, এই ধরণের অপ্রীতিকর ঘটনার পুনরাবৃত্তি রোধে আগামীতে বিহারের নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার ও নিশ্ছিদ্র করা হবে।

Share: