Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / ময়মনসিংহ বিভাগ / সারাদেশ / নেত্রকোনা / শিশু ধর্ষণে স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার - Chief TV

শিশু ধর্ষণে স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার - Chief TV

2026-06-17  ডেস্ক রিপোর্ট  28 views
শিশু ধর্ষণে স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার - Chief TV

শিশু ধর্ষণের অভিযোগে নেত্রকোনার মোহনগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. মোহন তালুকদারকে (২৫) দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (১৭ জুন) মোহনগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রফিকুল ইসলাম (মানিক) এই তথ্য নিশ্চিত করেছেন। অভিযুক্ত মোহন তালুকদার মোহনগঞ্জ পৌরশহরের দৌলতপুর এলাকার আবুল কালাম আজাদের ছেলে।

এর আগে গত মঙ্গলবার রাতে পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রফিকুল ইসলাম (মানিক) ও সদস্য সচিব নাজমুল হুদা খান পাঠান (বাবু) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে মোহন তালুকদারের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

আহ্বায়ক রফিকুল ইসলাম মানিক জানান, তাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি এখন দলের কেউ নন এবং তার খারাপ কাজের দায় সংগঠন নেবে না।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রতিবেশী ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে মোহন তালুকদারের বিরুদ্ধে। ধর্ষণের ফলে ওই শিশুটি বর্তমানে ৭ মাসের অন্তঃসত্ত্বা। এই ঘটনায় গত ২ মে মোহনগঞ্জ থানায় আদালতের নির্দেশে ধর্ষণ মামলা দায়ের করা হয়। মামলায় অভিযোগ করা হয়, মোহন তালুকদার প্রাণনাশের ভয় দেখিয়ে ১০ বছরের ওই শিশুটিকে ধর্ষণ করেন। মামলার পরপরই আত্মগোপনে চলে যান মোহন। গত মঙ্গলবার গণমাধ্যমে এই সংক্রান্ত সংবাদ প্রকাশ হলে মোহনকে দল থেকে বহিষ্কার করা হয়।

মোহনগঞ্জ থানার ওসি মো. হাফিজুল ইসলাম হারুন বলেন, মামলা হওয়ার পর থেকে আসামি পলাতক রয়েছে। আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।


Share: