শ্রীলঙ্কার বিরোধীদলীয় এক প্রভাবশালী রাজনীতিককে নিজ কার্যালয়ে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে। বুধবার দুপুরে এক বন্দুকধারীর ছোড়া গুলিতে তিনি নিহত হন বলে দেশটির পুলিশ জানিয়েছে।
ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায়, দক্ষিণ এশিয়ার এই দ্বীপরাষ্ট্রে সাম্প্রতিক সময়ে একের পর এক হত্যাকাণ্ড ঘটলেও এবারই প্রথম কোনো রাজনৈতিক নেতাকে লক্ষ্য করে এমন হামলার ঘটনা ঘটল।
পুলিশের বরাত দিয়ে জানা গেছে, নিহত ৩৮ বছর বয়সী নেতার নাম লাসান্থা বিক্রমাসেকারা। তিনি উপকূলীয় শহর ওয়েলিগামা কাউন্সিলের চেয়ারম্যান এবং বিরোধী দল সামাগি জনা বলাওয়েগায়ার (এসজেবি)-এর সদস্য ছিলেন।
বুধবার স্থানীয় ভোটারদের সঙ্গে নিজ কার্যালয়ে বৈঠক চলাকালে এক বন্দুকধারী হঠাৎ সেখানে ঢুকে রিভলভার থেকে একাধিক গুলি ছোড়ে। ঘটনাস্থলেই নিহত হন বিক্রমাসেকারা। তবে অন্য কেউ আহত হননি। গুলি চালিয়ে হামলাকারী দ্রুত পালিয়ে যায়।
কলম্বো পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, খুনিকে শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। তবে এখনো হামলার কারণ স্পষ্ট নয়।
ওয়েলিগামা কাউন্সিলের নিয়ন্ত্রণ নিয়ে বিরোধী দল এসজেবি ও ক্ষমতাসীন দলের মধ্যে দীর্ঘদিন ধরেই তীব্র দ্বন্দ্ব চলছে।
চলতি বছরে শ্রীলঙ্কায় সহিংস অপরাধের পরিমাণ ব্যাপকভাবে বেড়েছে। অধিকাংশ ঘটনার সঙ্গে স্থানীয় মাদকচক্র ও সংঘবদ্ধ অপরাধী গোষ্ঠীগুলোর সংশ্লিষ্টতা রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সরকারি হিসাব অনুযায়ী, এ বছর এখন পর্যন্ত দেশটিতে শতাধিক গোলাগুলির ঘটনা ঘটেছে, যাতে অন্তত ৫০ জন নিহত হয়েছেন।
গত বছর ক্ষমতায় আসা প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকের সরকার আইনশৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছিল। তার শাসনামলে কোনো রাজনৈতিক নেতাকে হত্যার এটি প্রথম ঘটনা।
এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে, আইনজীবীর ছদ্মবেশে এক বন্দুকধারী কলম্বোর একটি আদালতে ঢুকে এক আসামিকে গুলি চালিয়ে হত্যা করেন। তখনও দেশটিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছিল।