সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন নীলডুমুর বাজারে একটি হার্ডওয়্যার দোকান থেকে বিশাল আকারের একটি অজগর সাপ উদ্ধার করেছে বনবিভাগ।
সোমবার সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয়দের সহযোগিতায় বনকর্মী ও কমিউনিটি পেট্রোলিং গ্রুপের সদস্যরা সাপটি উদ্ধার করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো দোকান খুলতে গিয়ে ব্যবসায়ী হারুন ভেতরে বড় একটি অজগর দেখতে পান। মুহূর্তেই খবরটি ছড়িয়ে পড়লে বাজারে উৎসুক মানুষের ভিড় জমে যায়। পরে বনবিভাগকে জানানো হলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সতর্কতার সঙ্গে সাপটি উদ্ধার করা হয়।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বাজার এলাকায় এর আগে এত বড় অজগর দেখা যায়নি। ধারণা করা হচ্ছে, আশপাশের বনাঞ্চল বা ঝোপঝাড় থেকে খাবারের সন্ধানে সাপটি লোকালয়ে ঢুকে পড়ে দোকানের ভেতরে আশ্রয় নিয়েছিল।
বুড়িগোয়ালিনী বন স্টেশনের কর্মকর্তা ইরফান উদ্দিন জানান, উদ্ধার করা অজগরটি বর্তমানে সুস্থ রয়েছে। প্রাথমিক পর্যবেক্ষণ শেষে এটিকে সুন্দরবনের উপযুক্ত ও নিরাপদ আবাসস্থলে অবমুক্ত করা হবে।
এ ঘটনায় এলাকায় কিছু সময়ের জন্য আতঙ্ক ও কৌতূহলের সৃষ্টি হয়।