পঞ্চগড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন, নাশকতার চেষ্টা ও সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে দায়ের করা মামলায় পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য নাঈমুজ্জামান ভূঁইয়ার স্ত্রী ও কেন্দ্রীয়-জেলা যুব মহিলা লীগ নেত্রী মেজর কাজী মৌসুমীকে কারাগারে পাঠানো হয়েছে।
সোমবার (২৯ জুন) দুপুরে পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক মাহাবুব আলী মুয়াদ তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই মামলায় জেলা যুব মহিলা লীগের সভাপতি নিলুফার ইয়াসমিনকেও কারাগারে পাঠানো হয়।
আদালতের পিপি মির্জা নাজমুল ইসলাম কাজল বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ২৩ জুন রাতে পঞ্চগড় শহরের কাজীপাড়ায় সাবেক এমপি নাঈমুজ্জামান ভূঁইয়ার বাসায় তার স্ত্রী কাজী মৌসুমীর নেতৃত্বে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। সেখানে কেক কাটা এবং ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়া হয়। পরবর্তীতে সেই আয়োজনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় ২০ জুলাই পঞ্চগড় সদর থানার এসআই মানিক মিয়া মামলা করেন। মামলায় সাবেক এমপি নাঈমুজ্জামান ভূঁইয়া, তার স্ত্রী কাজী মৌসুমীসহ ৪৭ জনের নাম উল্লেখ করা হয় এবং আরও ১১০–১২০ জন অজ্ঞাতনামাকে আসামি করা হয়।