Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রংপুর বিভাগ / সারাদেশ / পঞ্চগড় / ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থীর, আহত ২ - Chief TV

ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থীর, আহত ২ - Chief TV

2026-07-02  মোঃ রাকিব হাসান,পঞ্চগড় প্রতিনিধিঃ  55 views
ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থীর, আহত ২ - Chief TV

পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদিঘী এলাকায় ট্রাক্টরের ধাক্কায় খুশি রানী (৮) নামে প্রথম শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন তার বাবা ও মা।

বুধবার (১ জুলাই) রাত আনুমানিক ৮টার দিকে ঢাকা–পঞ্চগড় মহাসড়কের ময়দানদিঘী হাইওয়ে থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত খুশি রানী বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের বান্দেরপাড় গ্রামের কুকিল চন্দ্রের মেয়ে। পরিবারের সদস্যদের নিয়ে মোটরসাইকেলে করে পঞ্চগড় থেকে বাড়ি ফিরছিলেন তার বাবা। 

পথে ময়দানদিঘী এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি ট্রাক্টর মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।

এতে খুশি রানী মোটরসাইকেল থেকে ছিটকে ট্রাক্টরের নিচে পড়ে যায়। পরে ট্রাক্টরের চাকার নিচে পিষ্ট হয়ে গুরুতর আহত হয় সে।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় আহত হন তার বাবা কুকিল চন্দ্র ও মা। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিহত শিশুটির বাবা কুকিল চন্দ্র বলেন, “পঞ্চগড় থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলাম। ময়দানদিঘী এলাকায় পৌঁছালে হঠাৎ পেছন থেকে একটি ট্রাক্টর আমাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে আমার মেয়ে ট্রাক্টরের নিচে পড়ে যায় এবং তার ওপর দিয়েই ট্রাক্টরটি চলে যায়। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

বোদা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশীদ জানান, দুর্ঘটনায় জড়িত ট্রাক্টরটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


Share: