স্ত্রীর মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় ছোট পর্দার অভিনেতা নিয়ামত উল্লাহ ভূঁইয়া ওরফে জাহের আলভীর জামিন আবেদন আবারও খারিজ করেছেন আদালত। এতে তিনি আপাতত কারাগারেই থাকবেন।
সোমবার ঢাকার মহানগর দায়রা জজ আদালতের বিচারক শাহজাহান কবির শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন আইনজীবী হারুন অর রশীদ এবং আসামিপক্ষে জামিনের আবেদন উপস্থাপন করেন আইনজীবী শেখ রোবায়েত ইসলাম।
এর আগে ১৮ জুন মামলায় আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছিলেন জাহের আলভী। তবে সেদিনও আদালত তার আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরবর্তীতে ২১ জুন তাকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হলে ২৪ জুন শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর হয়। রিমান্ড শেষে ৩০ জুন তাকে আবারও কারাগারে পাঠানো হয়।
একই মামলায় ৪ জুন জাহের আলভীর মা নাসরিন সুলতানা আদালতে আত্মসমর্পণ করলে তিনি জামিন পান বলে জানা গেছে।
মামলার নথি অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর পল্লবী ডিওএইচএস এলাকার একটি বাসায় ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় অভিনেতার স্ত্রী ইকরাকে উদ্ধার করেন পরিবারের সদস্যরা। পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
ঘটনার দিন রাতেই ইকরার বাবা কবির হায়াত খান পল্লবী থানায় মামলা করেন। এতে অভিযোগ করা হয়, দীর্ঘদিনের পারিবারিক কলহ ও নির্যাতনের কারণে তার মেয়ে আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।