বাংলাদেশে কোরবানি না দিয়ে চিড়িয়াখানায় রাখা ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’-কে ‘হ্যান্ডসাম বিস্ট’ বা সুদর্শন প্রাণী বলে মন্তব্য করেছেন মার্কিন চলচ্চিত্র নির্মাতা অ্যামি হোরোভিটজ। একই সঙ্গে শেষ মুহূর্তে মহিষটিকে কোরবানি না দেওয়ার সিদ্ধান্তে সন্তোষও প্রকাশ করেছেন তিনি।
সম্প্রতি আন্তর্জাতিক সংবাদমাধ্যম স্কাই নিউজ অস্ট্রেলিয়ার একটি টকশোতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানের সঞ্চালক রিতা পানাহি যখন বাংলাদেশের ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’-এর ছবি দেখান, তখন অ্যামি হোরোভিটজ হাস্যরসের ছলে বলেন, “লোকটা তো দারুণ এক হ্যান্ডসাম বিস্ট! আমি সত্যিই খুশি যে শেষ মুহূর্তে সে রেহাই পেয়েছে।”
নারায়ণগঞ্জের একটি খামারে থাকা প্রায় ৭০০ কেজি ওজনের বিরল সাদা অ্যালবিনো মহিষটির মাথায় ছিল সোনালী রঙের ঝুঁটি। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চুলের স্টাইলের সঙ্গে মিল থাকায় খামারির ছোট ভাই শখ করে এর নাম রাখেন ‘ডোনাল্ড ট্রাম্প’।
পরে মহিষটির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এটি দেশ-বিদেশে ব্যাপক ভাইরাল হয়ে যায়। ঈদুল আজহা উপলক্ষে মহিষটি কোরবানির হাটে তোলা হলে ৩ লাখ ৮৫ হাজার টাকায় বিক্রি হয়। তবে মহিষটিকে দেখতে খামারে হাজারো মানুষের ভিড় তৈরি হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় হস্তক্ষেপ করে।
এরপর ক্রেতাকে টাকা ফেরত দিয়ে মহিষটিকে কোরবানি থেকে অবমুক্ত করা হয় এবং স্থায়ীভাবে সংরক্ষণের জন্য ঢাকার জাতীয় চিড়িয়াখানায় নেওয়ার সিদ্ধান্ত হয়।
বুধবার (২৭ মে) মহিষটিকে রাজধানীর মিরপুর জাতীয় চিড়িয়াখানায় রাখা হয়েছে। এরপর থেকেই ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের এই ভাইরাল মহিষটিকে দেখতে দর্শনার্থীদের ভিড় বাড়ছে।