প্রধানমন্ত্রী তারেক রহমান বরিশালের গৌরনদী সফরে গিয়ে পুনঃখননকৃত বাটাজোর-সরিকল খালের পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন। সোমবার (১৩ জুলাই) সকালে সড়কপথে ঢাকা থেকে বরিশালের উদ্দেশে রওনা হয়ে সকাল ৯টা ৫৭ মিনিটে গৌরনদী উপজেলার বাটাজোর এলাকায় পৌঁছান তিনি।
সকাল ১০টার দিকে বাটাজোর ইউনিয়নের পুনঃখননকৃত বাটাজোর-সরিকল খালের পাশে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
এর আগে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার গৌরনদীর ভুরঘাটা থেকে উজিরপুর সীমান্ত পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকাজুড়ে তাকে স্বাগত জানান দলীয় নেতাকর্মীরা। বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে তারা প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।
প্রধানমন্ত্রীর এ সফর ঘিরে বরিশালসহ দক্ষিণাঞ্চলে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সফরের অংশ হিসেবে তিনি বরিশাল নগরীতে আরও কয়েকটি কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।