Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / সিলেট বিভাগ / সারাদেশ / সুনামগঞ্জ / হাউসবোটের ইঞ্জিনে পড়ে শিশুর মৃত্যু, নিরাপত্তা নিয়ে প্রশ্ন! - Chief TV

হাউসবোটের ইঞ্জিনে পড়ে শিশুর মৃত্যু, নিরাপত্তা নিয়ে প্রশ্ন! - Chief TV

2026-06-06  ডেস্ক রিপোর্ট  22 views
হাউসবোটের ইঞ্জিনে পড়ে শিশুর মৃত্যু, নিরাপত্তা নিয়ে প্রশ্ন! - Chief TV
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী একটি হাউসবোটের ইঞ্জিনে পড়ে সৌমাতা সরকার নিঝুম নামে আট বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে ভ্রমণশৈলী নামের একটি হাউসবোটে এই দুর্ঘটনা ঘটে। নিহত নিঝুম জেলার ধর্মপাশা উপজেলার কামলাবাজ গ্রামের স্বপন চন্দ্র সরকারের মেয়ে।
 
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে হাউসবোটে করে একদল পর্যটক টাঙ্গুয়ার হাওর ভ্রমণে যান এবং হাওরে গোসল শেষে ফেরার পথে অসাবধানতাবশত নিঝুম হাউসবোটের ইঞ্জিনের ওপর পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সাম্প্রতিক সময়ে টাঙ্গুয়ার হাওরে একের পর এক দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনায় হাওরকেন্দ্রিক পর্যটন খাতের নিরাপত্তা, তদারকি ও পরিবেশগত নীতিমালা নিয়ে সচেতন মহলে তীব্র ক্ষোভ ও প্রশ্ন দেখা দিয়েছে।
 
স্থানীয়দের অভিযোগ, পর্যটনের প্রসার ঘটলেও যথাযথ নিরাপত্তা ব্যবস্থা ও বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় হাওরের পরিবেশ যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি বাড়ছে জীবনের ঝুঁকি। এ অবস্থায় পরিবেশ ও মানুষের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে টাঙ্গুয়ার হাওরে বাধ্যতামূলক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা।

Share: